• ঢাকা
  • |
  • রবিবার ১লা চৈত্র ১৪৩২ সকাল ০৬:২৩:১৫ (15-Mar-2026)
  • - ৩৩° সে:
টিউলিপকে গ্রেফতারে ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিশ জারির আদেশ

টিউলিপকে গ্রেফতারে ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিশ জারির আদেশ

নিজস্ব প্রতিবেদক: ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাগনি ও শেখ রেহানার মেয়ে টিউলিপ রিজওয়ানা সিদ্দিককে গ্রেফতার করতে ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিশ জারির আদেশ দিয়েছেন ঢাকার একটি আদালত।২৬ ফেব্রুয়ারি বৃহস্পতিবার ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ আদালতের বিচারক মো. সাব্বির ফয়েজ দুর্নীতি দমন কমিশনের আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর দায়রা জজ আদালতের বেঞ্চ সহকারী মো. রিয়াজ হোসেন।আবেদন সূত্রে জানা যায়, আসামির বিরুদ্ধে দায়ের করা মামলাটি তদন্তের জন্য তদন্তকারী কর্মকর্তা নিয়োগ করা হয়েছে। অভিযোগে বলা হয়, আসামি ক্ষমতার অপব্যবহার করে কোনো অর্থ পরিশোধ ছাড়াই অবৈধ পারিতোষিক হিসেবে ইস্টার্ন হাউজিং লিমিটেড থেকে সুবিধা নেন। রেজিস্ট্রি দলিলের মাধ্যমে গুলশান-২ এলাকার একটি ফ্ল্যাটের দখল গ্রহণের অভিযোগ আনা হয়েছে তার বিরুদ্ধে।তদন্তে আরও উল্লেখ করা হয়, ইস্টার্ন হাউজিং লিমিটেডের বিরুদ্ধে গুরুতর অনিয়ম থাকায় সম্পত্তিটি হস্তান্তরযোগ্য ছিল না এ তথ্য জানা সত্ত্বেও টিউলিপ রিজওয়ানা সিদ্দিক তার খালা শেখ হাসিনা প্রধানমন্ত্রী থাকার সুবাদে এবং প্রধানমন্ত্রীর ভাগনি হিসেবে দলীয় প্রভাব ব্যবহার করেন। পাশাপাশি রাজউকের আইন উপদেষ্টা হিসেবে সংশ্লিষ্ট কর্মকর্তাকে প্রভাবিত করে প্রতিষ্ঠানটিকে আমমোক্তার অনুমোদন ও ফ্ল্যাট বিক্রির অনুমোদন পাইয়ে দেন বলে অভিযোগে বলা হয়। এর মাধ্যমে অবৈধ সুবিধা গ্রহণ ও অপরাধমূলক ষড়যন্ত্রে জড়িত থাকার অভিযোগে তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।আবেদনে আরও বলা হয়, মামলা দায়েরের আগেই আসামি দেশত্যাগ করেছেন এবং মামলার প্রমাণাদি নষ্টের চেষ্টা করছেন। তিনি বিদেশে অবস্থান করায় গ্রেফতারের জন্য ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিশ জারি করা প্রয়োজন বলে আদালতে উল্লেখ করা হয়।