জাহের আলভী ও তিথির বিরুদ্ধে মামলা
বিনোদন ডেস্ক: আফরা ইভনাথ খান ইকরার আত্মহত্যার ঘটনায় তার স্বামী, ছোটপর্দার অভিনেতা জাহের আলভী ও অভিনেত্রী ইফফাত আরা তিথির নামে মামলা দায়ের হয়েছে।১ মার্চ রোববার রাজধানীর পল্লবী থানায় ইকরার মামা শেখ তানভীর আহমেদ বাদী হয়ে মামলাটি দায়ের করেন।পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম আলমগীর জাহান গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেছেন।শুধু জাহের আলভী নয়, এ মামলায় তার পরিবারের আরও কয়েকজনের নাম রয়েছে। এ তথ্য স্মরণ করে ওসি গণমাধ্যমকে বলেন, “অভিযোগ পাওয়ার পর তা গ্রহণ করে নিয়মিত মামলা হিসেবে নথিভুক্ত করা হয়েছে। ঘটনার বিভিন্ন দিক খতিয়ে দেখা হচ্ছে। ইতোমধ্যে প্রাথমিক তদন্ত শুরু হয়েছে এবং সংশ্লিষ্টদের জিজ্ঞাসাবাদের প্রস্তুতি নেওয়া হচ্ছে।”প্রয়োজনীয় প্রমাণ সংগ্রহ ও ঘটনার পুঙ্খানুপুঙ্খ তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটনের চেষ্টা চলছে বলেও জানিয়েছে পুলিশ।গতকাল মারা গেছেন জাহের আলভীর স্ত্রী ইভনাথ খান ইকরা। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, আত্মহত্যা করেছেন ইকরা। আলভী নিজেও ফেসবুক স্ট্যাটাসে এমনটা দাবি করেছেন। জানা যায়, ২০১০ সালের ৯ নভেম্বর ভালোবেসে গোপনে বিয়ে করেন আলভী ও ইকরা। দীর্ঘ সময় বিষয়টি আড়ালে থাকলেও ২০২৪ সালে তাদের বিয়ের খবর প্রকাশ্যে আসে। তাদের সংসারে একটি পুত্রসন্তান রয়েছে।এদিকে, দাম্পত্য জীবনে পরকীয়া ও নির্যাতনের অভিযোগ তুলে ইকরার ব্যক্তিগত কিছু চ্যাট সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর ঘটনাটি দেশজুড়ে আলোচনার জন্ম দেয়। ঘটনার তদন্ত চলছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট থানা পুলিশ।