• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৩০শে মাঘ ১৪৩২ সন্ধ্যা ০৬:২৩:১৩ (12-Feb-2026)
  • - ৩৩° সে:
ভোলায় ভোটকেন্দ্রে ককটেল বিস্ফোরণ, জামায়াতকর্মী আটক

ভোলায় ভোটকেন্দ্রে ককটেল বিস্ফোরণ, জামায়াতকর্মী আটক

নিজস্ব প্রতিবেদক: ভোলা-১ সংসদীয় আসনের সদর আসনের একটি ভোটকেন্দ্রের মাঠে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় মো. এমরান নামে এক জামায়াত কর্মীকে আটক করেছে প্রশাসন।১২ ফেব্রুয়ারি বৃহস্পতিবার দুপুর পৌনে ১টার দিকে উপজেলার আলীনগর সাহেবের কাচারী ভোটকেন্দ্রে মাঠে এ ঘটনা ঘটে।তিনি ওই একই গ্রামের মো. কামালের ছেলে বলে জানা গেছে।সদর উপজেলার সহকারী রিটার্নিং কর্মকর্তা ও ইউএনও মো. আরিফুজ্জামান বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, তার বিরুদ্ধে নির্বাচনের পরে সিদ্ধান্ত নেওয়া হবে।কেন্দ্রে উপস্থিত ভোটাররা জানান, ভোটাররা ভোট দেওয়ার জন্য লাইনে দাঁড়িয়েছিল। এ সময় হঠাৎ ভোটকেন্দ্রটির মাঠে ককটেল বিস্ফোরণ ঘটে। এতে আতঙ্ক ছড়িয়ে পড়ে পুরো এলাকায়। এরপর কিছুসময়ের জন্য কেন্দ্রটির ভোটগ্রহণ বন্ধ করে দেওয়া হয়। পরে দ্রুত ভোলা সদর উপজেলার সহকারী রিটার্নিং কর্মকর্তার নেতৃত্বে যৌথ বাহিনী ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন এবং ভোটগ্রহণ শুরু হয়।জামায়াত কর্মী আটক হওয়ার বিষয়ে জানতে চাইলে জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মাওলানা কাজী হারুনুর রশিদ বলেন, ভোট সুষ্ঠু হলে আমাদেরই লাভ, জনগণ ভোট দিতে পারবে। ভোটকেন্দ্রে গন্ডগোল হলে আমাদেরই ক্ষতি। আমাদের কোনো নেতাকর্মী এ ঘটনার সঙ্গে জড়িত নন। অন্য দলের নেতাকর্মীরা এ ঘটনা ঘটিয়ে আমাদের নেতাকর্মীদের ওপর দায় চাপাচ্ছে।এদিকে ভোলা জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক ডা. শামীম রহমান বলেন, ওই কেন্দ্রে ভোটগ্রহণ বন্ধ নেই, একটু বিশৃঙ্খলা তৈরি হয়েছিল। সেখানে সহকারী রিটার্নিং কর্মকর্তাসহ যৌথবাহিনী গিয়েছে।