পলিসি মেকিংয়ে নারীদের অংশগ্রহণ বাড়াতে হবে: জাইমা রহমান
নিজস্ব প্রতিবেদক: বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের কন্যা ব্যারিস্টার জাইমা রহমান বলেছেন, বাংলাদেশকে নতুন করে গড়তে তরুণদের মেধা কাজে লাগানোর পাশাপাশি নীতিনির্ধারণী (পলিসি মেকিং) পর্যায়ে নারীদের অংশগ্রহণ উল্লেখযোগ্যভাবে বাড়াতে হবে।৮ ফেব্রুয়ারি রোববার দুপুরে রাজধানীর বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ (বিআইআইএসএস) অডিটোরিয়ামে ‘উইমেন ইন ডেমোক্রেসি’র উদ্যোগে আয়োজিত ‘গণতন্ত্রের সংগ্রামে নারী: অবদান, দায় ও দায়িত্ব’ শীর্ষক এক গোলটেবিল আলোচনায় তিনি এসব কথা বলেন।জাইমা রহমান বলেন, ‘আমরা একটি ভিন্নধর্মী ও উন্নত বাংলাদেশ গড়তে চাই। এ জন্য মানুষের চিন্তা-ভাবনায় পরিবর্তন আনতে হবে।’নীতিনির্ধারণী পর্যায়ে নারীদের অংশগ্রহণ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, ছাত্র নেতৃত্ব থেকে শুরু করে স্থানীয় সরকার পর্যন্ত একটি কার্যকর নেতৃত্বের পাইপলাইন তৈরি ও ধরে রাখতে হবে। তা না হলে যোগ্য ও দক্ষ নারী নেতৃত্ব সামনে আনার সুযোগ সৃষ্টি হবে না। তাই নারী নেতৃত্বের ধারাবাহিকতা নিশ্চিত করা অত্যন্ত জরুরি।তিনি আরও বলেন, নারীদের প্রতি বিদ্যমান অর্থনৈতিক বৈষম্য দূর করতে তাদের জন্য আরও সুযোগ-সুবিধা নিশ্চিত করতে হবে। প্রয়োজনীয় সহায়তা পেলে রাজনীতিতে নারীদের অংশগ্রহণের প্রতিবন্ধকতা অনেকাংশে কমে আসবে।জাইমা রহমান বলেন, ‘পুরুষদের জন্য নানা ধরনের সুযোগ-সুবিধা থাকলেও নারীদের ক্ষেত্রে তা অনেক সময় দেখা যায় না। একজন পুরুষ নেতার পেছনে যেমন দিকনির্দেশনা ও সহায়তা থাকে, নারীদের জন্য তেমন সহায়ক পরিবেশ তৈরি করা হয় না। অথচ সবকিছু শুধু পুরুষরাই করবে এমন ধারণা ঠিক নয়। নারীদের জন্যও সমান সুযোগ নিশ্চিত করতে হবে।’