টানা বৃষ্টিতে গাছ উপড়ে দুমড়ে মুচড়ে গেল জবির বাস
অনলাইন ডেস্ক: টানা বৃষ্টির মধ্যে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) ক্যাম্পাসে একটি বড় গাছ উপড়ে বিশ্ববিদ্যালয়ের একটি বাসের ওপর পড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। তবে এ ঘটনায় কোনো শিক্ষার্থী বা অন্য কেউ হতাহত হননি।১২ জুলাই রোববার সকালে বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারের সামনে এ দুর্ঘটনা ঘটে।প্রত্যক্ষদর্শীরা জানান, বৃষ্টির সময় হঠাৎ করেই গাছটি উপড়ে ক্যাম্পাসের পার্কিং এলাকায় রাখা বিশ্ববিদ্যালয়ের একটি বাসের ওপর পড়ে। গাছের বিশাল কাণ্ড বাসের ছাদ ভেদ করে ভেতরে ঢুকে যায়। এতে বাসটি দুমড়ে-মুচড়ে যায়। এ ঘটনায় ক্যাম্পাসে থাকা শিক্ষার্থী ও সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।খবর পেয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন। পরে গাছটি অপসারণের জন্য ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়। দুপুর ১২টার দিকে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার ও অপসারণ কার্যক্রম শুরু করে।বিশ্ববিদ্যালয়ের পরিবহন প্রশাসক অধ্যাপক মো. তারিক বিন আতিক জানান, সকালে বিশ্ববিদ্যালয়ের একটি বাসের ওপর বড় একটি গাছ উপড়ে পড়ে। এতে কোনো শিক্ষার্থী বা ব্যক্তির ক্ষতি না হলেও বাসটির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।তিনি বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বাসটির ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ৩ থেকে ৪ লাখ টাকা।ক্যাম্পাসের ঝুঁকিপূর্ণ গাছের বিষয়ে তিনি বলেন, বিশ্ববিদ্যালয় এলাকায় কয়েকটি গাছ ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। দুর্ঘটনা এড়াতে এসব গাছ দ্রুত শনাক্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া প্রয়োজন।