• ঢাকা
  • |
  • শনিবার ১৩ই আষাঢ় ১৪৩৩ বিকাল ০৪:৩০:৫১ (27-Jun-2026)
  • - ৩৩° সে:
চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক অনুষ্ঠিত

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক অনুষ্ঠিত

ডেস্ক রিপোর্ট: প্রধানমন্ত্রী তারেক রহমান ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের মধ্যে দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হয়েছে। আজ ২৬ জুন শুক্রবার সকালে চীনের রাজধানী বেইজিংয়ের ঐতিহাসিক গ্রেট হল অব দ্য পিপলে এ বৈঠক অনুষ্ঠিত হয়।বৈঠকের আগে চীনের ন্যাশনাল পিপলস কংগ্রেসের (এনপিসি) স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান ঝাও লেজি একই স্থানে প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।এরও আগে সকালে বেইজিংয়ের তিয়েনআনমেন স্কয়ারে অবস্থিত ‘মনুমেন্ট টু দ্য পিপলস হিরোজ’-এ পুষ্পস্তবক অর্পণ করে চীনের বিপ্লবী বীরদের প্রতি শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় দুই দেশের জাতীয় সংগীত পরিবেশন করা হয়। পরে কিছুক্ষণ নীরবতা পালন করে শহীদদের স্মৃতির প্রতি সম্মান জানান তিনি।প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন জানান, বৈঠকে বাংলাদেশের জাতীয় স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে। তিনি বলেন, এই সফরের মূল লক্ষ্য বাংলাদেশ-চীন সম্পর্ককে আরও গভীর ও বহুমাত্রিক পর্যায়ে উন্নীত করা। কৌশলগত সহযোগিতা, বাণিজ্য, বিনিয়োগ, কর্মসংস্থান, অবকাঠামো উন্নয়ন এবং জনগণের মধ্যে যোগাযোগ বৃদ্ধির মতো বিষয়গুলো বৈঠকে গুরুত্ব পেয়েছে।চীনের প্রধানমন্ত্রী লি কিয়াংয়ের আমন্ত্রণে চার দিনের সরকারি সফরে বর্তমানে বেইজিংয়ে অবস্থান করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এর আগে বৃহস্পতিবার লি কিয়াংয়ের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক শেষে বাংলাদেশ ও চীনের মধ্যে বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা জোরদারে ১৩টি সমঝোতা স্মারকে সই হয়।একই দিনে বিএনপি ও চীনের কমিউনিস্ট পার্টির (সিপিসি) মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। এছাড়া চীনের পানিসম্পদমন্ত্রী লি গোয়িং প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।সফরকালে প্রধানমন্ত্রী ‘ইনভেস্ট বাংলাদেশ’ শীর্ষক বিনিয়োগ সম্মেলনে বক্তব্য দেন। পাশাপাশি চীনের বিভিন্ন শীর্ষ শিল্পপ্রতিষ্ঠান, বিনিয়োগ সংস্থা এবং অবকাঠামো নির্মাণ প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন। এসব বৈঠকে বাংলাদেশে বিনিয়োগ বৃদ্ধি, বাণিজ্য সম্প্রসারণ এবং উন্নয়ন সহযোগিতা নিয়ে আলোচনা হয়।প্রধানমন্ত্রীর সঙ্গে তাঁর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান, পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান, তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন, পানিসম্পদমন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানি, প্রধানমন্ত্রীর উপদেষ্টাসহ উচ্চপর্যায়ের প্রতিনিধিদল সফরে অংশ নিয়েছেন।২১ জুন মালয়েশিয়া সফরের মাধ্যমে প্রধানমন্ত্রীর প্রথম সরকারি বিদেশ সফর শুরু হয়। পরে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের (ডব্লিউইএফ) সামার দাভোস-২০২৬ সম্মেলনে যোগ দিতে তিনি চীনের দালিয়ানে যান। সেখানে দুই দিনের কর্মসূচি শেষে বেইজিংয়ে পৌঁছান।চীন সফর শেষে শুক্রবার বিকেলে প্রধানমন্ত্রী ও তাঁর সফরসঙ্গীদের ঢাকার উদ্দেশে রওনা হওয়ার কথা রয়েছে।সূত্র: বাসস