• ঢাকা
  • |
  • রবিবার ১১ই শ্রাবণ ১৪৩৩ সকাল ১০:০০:২৫ (26-Jul-2026)
  • - ৩৩° সে:
গোলরক্ষক ভোজিনহার নামে নতুন সামুদ্রিক শামুকের নামকরণ

গোলরক্ষক ভোজিনহার নামে নতুন সামুদ্রিক শামুকের নামকরণ

স্পোর্টস ডেস্ক: ফুটবল বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্সের স্বীকৃতি হিসেবে কেপ ভার্দের গোলরক্ষক ভোজিনহার নামে নতুন একটি সামুদ্রিক শামুকের প্রজাতির নামকরণ করা হয়েছে।ক্যারিবীয় সাগরে আবিষ্কৃত লাল রঙের নতুন এই মোলাস্ক প্রজাতির বৈজ্ঞানিক নাম রাখা হয়েছে ‘আলদিসা ভোজিনহা’। স্পেনের জীববিজ্ঞানী হেসুস ওর্তেয়া কেপ ভার্দের এই গোলরক্ষকের প্রতি শ্রদ্ধা জানিয়ে প্রজাতিটির নামকরণ করেন।নিজের গবেষণাপত্রে ওর্তেয়া উল্লেখ করেন, বিশ্বকাপে ভোজিনহার অসাধারণ গোলরক্ষণ এবং বিশেষ করে স্পেনের বিপক্ষে তার স্মরণীয় পারফরম্যান্স থেকেই তিনি এই নাম বেছে নিয়েছেন। তার ভাষ্য, নতুন প্রজাতিটির উজ্জ্বল লাল রং স্পেনের জাতীয় দলের ডাকনাম ‘লা রোজা’র কথাও মনে করিয়ে দেয়।বিশ্বকাপে ইতিহাসের দ্বিতীয় ক্ষুদ্রতম জনসংখ্যার দেশ হিসেবে অংশ নিয়ে চমক দেখিয়েছিল কেপ ভার্দে। দলটি গ্রুপ পর্ব পেরিয়ে নকআউটে ওঠে এবং বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনার বিপক্ষে লড়াকু পারফরম্যান্স উপহার দেয়। বিশেষ করে ইউরোপীয় চ্যাম্পিয়ন স্পেনের বিপক্ষে গোলশূন্য ড্রয়ে ভোজিনহার অসাধারণ গোলরক্ষণ ব্যাপক প্রশংসা কুড়ায়।৭৫ বছর বয়সী হেসুস ওর্তেয়া স্পেনের ওভিয়েদো বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ইমেরিটাস। সামুদ্রিক জীববৈচিত্র্য নিয়ে দীর্ঘদিন গবেষণার পাশাপাশি তিনি ফুটবলেরও একজন নিবেদিত সমর্থক। এর আগেও তিনি কোস্টারিকার সাবেক গোলরক্ষক কেইলর নাভাস এবং স্প্যানিশ ক্লাব স্পোর্টিং গিহনের কিংবদন্তি স্ট্রাইকার কিনির নামে নতুন প্রাণীর প্রজাতির নামকরণ করেছিলেন।বিশ্বকাপে আলোচিত পারফরম্যান্সের পর সামাজিক যোগাযোগমাধ্যমেও ব্যাপক জনপ্রিয়তা পান ভোজিনহা। এবার বিজ্ঞানের জগতেও নিজের নাম যুক্ত হওয়ায় তার অর্জনের তালিকায় যোগ হলো আরেকটি অনন্য স্বীকৃতি।সূত্র: রয়টার্স, এপি