• ঢাকা
  • |
  • সোমবার ১লা চৈত্র ১৪৩২ রাত ০১:০৭:৪০ (16-Mar-2026)
  • - ৩৩° সে:
জোনায়েদ সাকির বছরে আয় ৭ লাখ টাকা

জোনায়েদ সাকির বছরে আয় ৭ লাখ টাকা

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া-৬ (বাঞ্ছারামপুর) আসন থেকে গণসংহতি আন্দোলনের প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন দলের প্রধান সমন্বয়কারী মো. জোনায়েদ আব্দুর রহিম সাকি ওরফে জোনায়েদ সাকি। যুগপৎ আন্দোলনের অংশ হিসেবে এ আসনে তিনি বিএনপি জোটের প্রার্থী।গত ২৯ ডিসেম্বর ব্রাহ্মণবাড়িয়া জেলা নির্বাচন কার্যালয়ে জমা দেওয়া হলফনামা অনুযায়ী, জোনায়েদ সাকির তুলনায় তার স্ত্রীর আয় ও স্থাবর সম্পদের পরিমাণ বেশি। হলফনামায় জোনায়েদ সাকি নিজের পেশা প্রকাশক হিসেবে উল্লেখ করেছেন। তার স্ত্রী তাসলিমা আক্তার পেশায় আলোকচিত্রী ও শিক্ষক।জোনায়েদ সাকির স্থায়ী ঠিকানা ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুর উপজেলার ফরদাবাদ ইউনিয়নের চরলহনিয়া গ্রাম। তার পিতা প্রয়াত মো. ফজলুর রহমান এবং মাতা মাসুদা খানম। শিক্ষাগত যোগ্যতা হিসেবে তিনি বি.এ পাস উল্লেখ করেছেন।হলফনামা অনুযায়ী, জোনায়েদ সাকি বছরে মোট ৭ লাখ ৭২ হাজার ৯৩৬ টাকা আয় করেন। এর মধ্যে ব্যবসা থেকে আয় ১ লাখ ২০ হাজার ১৪১ টাকা, সঞ্চয়পত্র থেকে ২ হাজার ৭৯৫ টাকা এবং পেশা থেকে আয় ৬ লাখ ৫০ টাকা।অন্যদিকে তার স্ত্রী তাসলিমা আক্তারের বাৎসরিক আয় ২৩ লাখ ৯ হাজার ২১১ টাকা। তিনি স্থাবর সম্পদ থেকে ভাড়া বাবদ আয় করেন ৪ লাখ ৮০ হাজার ৪০০ টাকা, সঞ্চয়পত্র থেকে ৩ লাখ ১০ হাজার ৩৬৯ টাকা, পেশা থেকে ৬ লাখ ৯০ হাজার টাকা এবং বাড়ি ও দোকান ভাড়া থেকে বছরে আয় করেন ৮ লাখ ২৮ হাজার টাকা।স্থাবর সম্পদের বিবরণে দেখা যায়, জোনায়েদ সাকির নামে ১১ একর অকৃষি জমি রয়েছে। এছাড়া একটি ফ্ল্যাট কেনার জন্য অগ্রিম হিসেবে ৩ লাখ ২০ হাজার টাকা জমা দিয়েছেন। তার স্ত্রীর নামে রয়েছে ১৮ দশমিক ১৮ পয়েন্ট কৃষিজমি। পাশাপাশি একটি ফ্ল্যাট ও একটি দোকানও তার মালিকানায় রয়েছে।তবে ২০২৫-২৬ অর্থবছরের আয়কর রিটার্ন অনুযায়ী জোনায়েদ সাকির মোট সম্পদের পরিমাণ ৪৬ লাখ ৬২ হাজার ৬০২ টাকা। অপরদিকে তার স্ত্রীর আয়কর রিটার্নে সম্পদের পরিমাণ উল্লেখ করা হয়েছে ১ কোটি ২২ লাখ ৯৩ হাজার ৩০৪ টাকা। হলফনামায় তার বিরুদ্ধে কোনো ফৌজদারি মামলার তথ্য উল্লেখ করা হয়নি।