জামালপুরে গণধর্ষণ মামলায় ইউপি সদস্যসহ ৩ জনের মৃত্যুদণ্ড
জামালপুর প্রতিনিধি: জামালপুরের আলোচিত গণধর্ষণ মামলায় ইউপি সদস্যসহ তিনজনকে মৃত্যুদণ্ড এবং যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করেছেন আদালত।৩১ আগস্ট সোমবার দুপুরে জামালপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক মুহাম্মদ আবদুর রহিম চাঞ্চল্যকর এ মামলার রায় ঘোষণা করেন।রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট ফজলুল হক জানান, ২০২৪ সালের ১৯ অক্টোবর রাতে জামালপুর সদরের রশিদপুর ভাটিপাড়া এলাকায় ভুক্তভোগী নারী নিজ বসতঘরে ঘুমিয়ে ছিলেন। রাত ১১টার দিকে আসামিরা তাকে ডেকে তুলে মুখে গামছা বেঁধে তুলে নিয়ে যায় এবং বাড়ির পাশে বাঁশঝাড়ের নিচে জোরপূর্বক গণধর্ষণ করে। পরবর্তীতে ওই নারী থানায় মামলা দায়ের করেন।দীর্ঘ শুনানি ও ১০ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে আসামিদের বিরুদ্ধে আনীত অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় আজ এই রায় দেন আদালত। দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন রশিদপুর ইউনিয়ন পরিষদের ৬নং ওয়ার্ডের সদস্য মো. ছাত্তার আলী, মো. আব্দুল মালেক এবং মো. আনু।অপরাধ প্রমাণিত হওয়ায় আসামিদের মৃত্যুদণ্ড ও যাবজ্জীবন কারাদণ্ড উভয় দণ্ডে দণ্ডিত করা হয়। এছাড়া প্রত্যেক আসামিকে ১ লাখ টাকা করে জরিমানার নির্দেশ দেন আদালত, যা আদায় করে ভুক্তভোগীকে দেওয়া হবে। রায় ঘোষণার সময় দণ্ডপ্রাপ্ত আসামিরা আদালতে উপস্থিত ছিলেন।