দুই নায়িকা নিয়ে ‘ভায়োলেন্স’-এ জায়েদ খান, প্রদর্শনী যুক্তরাষ্ট্র ও কানাডায়
বিনোদন ডেস্ক: ঢাকাই চলচ্চিত্রের আলোচিত চিত্রনায়ক জায়েদ খান এবার ‘ভায়োলেন্স’ সিনেমা নিয়ে হাজির হচ্ছেন দর্শকদের সামনে। সিনেমাটিতে দুই নায়িকার সঙ্গে অভিনয় করেছেন তিনি। ইতোমধ্যে সিনেমাটি ঘিরে দর্শকদের মধ্যে আগ্রহ তৈরি হয়েছে।দেশের টাকা কীভাবে বিদেশে পাচার হচ্ছে? দুর্নীতি আর সামাজিক অবক্ষয়ের পেছনের গল্পই বা কী? এমন সব প্রশ্নের উত্তর খুঁজতে এবার বড় পর্দায় আসছে বাংলা সিনেমা ‘ভায়োলেন্স’। আর এই সিনেমায় চিত্রনায়ক জায়েদ খানকে দেখা যাবে একেবারেই ভিন্ন এক চরিত্রে। কানাডার টরন্টো থেকে শুরু হওয়া এই চলচ্চিত্র নির্মাণে রয়েছেন অভিনেতা থেকে নির্মাতা হওয়া কামাল হোসেন বাবর। এরই মধ্যে কানাডার বিভিন্ন লোকেশনে চলছে সিনেমার শুটিং। কিন্তু কী থাকছে সিনেমার গল্পে? আর কবে নাগাদ দর্শকদের সামনে আসবে ‘ভায়োলেন্স’?অর্থ পাচার, দুর্নীতি আর সামাজিক অবক্ষয়, বাংলাদেশের বাস্তবতার এমন কিছু কঠিন বিষয় উঠে আসবে ‘ভায়োলেন্স’ সিনেমায়। দেশের অর্থ কীভাবে বিদেশে পাচার হচ্ছে, সেই প্রক্রিয়া ও এর পেছনের নানা বাস্তবতা তুলে ধরার চেষ্টা করছেন নির্মাতা। গল্পে থাকছে দেশপ্রেমের বার্তাও।কানাডার টরন্টো, মন্ট্রিয়লসহ বিভিন্ন লোকেশনে ধারণ করা হচ্ছে সিনেমাটির দৃশ্য। আন্তর্জাতিক মানের চলচ্চিত্র নির্মাণের প্রত্যাশা নিয়ে এগোচ্ছেন নির্মাতা। তাঁর দাবি, প্রচলিত নির্মাণধারার বাইরে গিয়ে বাংলাদেশের রাজনৈতিক, অর্থনৈতিক ও সামাজিক বাস্তবতার নানা দিক তুলে ধরা হবে এতে।সিনেমাটির অন্যতম আকর্ষণ চিত্রনায়ক জায়েদ খান। পরিচিত অভিনয়ধারার বাইরে এবার ভিন্ন এক চরিত্রে দেখা যাবে তাকে। তার সঙ্গে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছেন শিরিন শিলা। এ ছাড়া অভিনয়ে রয়েছেন অধরা খানসহ বাংলাদেশি ও প্রবাসী একঝাঁক শিল্পী।কানাডায় সিনেমাটির শুটিংয়ে অংশ নিচ্ছেন বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের শিল্পী-কলাকুশলীরা। প্রযোজনায় রয়েছেন মোহাম্মদ রহমান ও সাবরিনা চৌধুরী। সিনেমাটির সংগীত পরিচালনা করছেন ইমন সাহা, আর দৃশ্য ধারণের দায়িত্বে রয়েছেন শেখ রাজুল ইসলাম। শুটিং শেষ হলেই শুরু হবে সম্পাদনার কাজ।এর আগে ‘ব্রোকেন ফ্যামিলি, ইউটার্ন ও বেগমপাড়া’র মতো কনটেন্ট নির্মাণ করে প্রবাসী দর্শকদের মধ্যে পরিচিতি পেয়েছেন কামাল হোসেন বাবর। এবার ওয়েব কনটেন্টের গণ্ডি পেরিয়ে পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র নিয়ে হাজির হচ্ছেন তিনি।সবকিছু ঠিক থাকলে ২০২৭ সালের মে অথবা জুন মাসে বাংলাদেশ, যুক্তরাষ্ট্র ও কানাডায় একযোগে মুক্তি পাবে ‘ভায়োলেন্স’। এখন দেখার বিষয়, অর্থ পাচার ও সামাজিক অবক্ষয়ের মতো সংবেদনশীল বিষয় নিয়ে নির্মিত এই সিনেমা বড় পর্দায় দর্শকদের কতটা আকৃষ্ট করতে পারে।এটিভি/ এইচকে