• ঢাকা
  • |
  • রবিবার ২৯শে ভাদ্র ১৪৩৩ সন্ধ্যা ০৭:২৭:৩৪ (13-Sep-2026)
  • - ৩৩° সে:
পাহাড়ের তরুণদের প্রযুক্তিনির্ভর দক্ষতায় সেনাজোনের কম্পিউটার প্রশিক্ষণ

পাহাড়ের তরুণদের প্রযুক্তিনির্ভর দক্ষতায় সেনাজোনের কম্পিউটার প্রশিক্ষণ

রাঙামাটি প্রতিনিধি: পার্বত্য চট্টগ্রামের তরুণ প্রজন্মকে তথ্যপ্রযুক্তিতে দক্ষ করে গড়ে তোলা এবং তাদের কর্মসংস্থান ও আত্মকর্মসংস্থানের সুযোগ বাড়াতে বাংলাদেশ সেনাবাহিনীর উদ্যোগে রাঙামাটিতে ‘কম্পিউটার প্রশিক্ষণ-২০২৬’ কার্যক্রম শুরু হয়েছে।১৩ সেপ্টেম্বর রোববার দুপুরে রাঙামাটি সদর জোনের উদ্যোগে আয়োজিত এ প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন করেন রাঙামাটি জোনের ভারপ্রাপ্ত জোন কমান্ডার মেজর মো. জুলফিকার রহমান।এ প্রশিক্ষণে মোট ২০ জন তরুণ-তরুণী অংশ নিচ্ছেন। পিছিয়ে পড়া পাহাড়ি জনগোষ্ঠী ও বাঙালি তরুণদের বিশেষভাবে সম্পৃক্ত করা হয়েছে।প্রশিক্ষণে কম্পিউটারের মৌলিক ব্যবহার, প্রয়োজনীয় সফটওয়্যার পরিচালনা, ইন্টারনেট ব্যবহার, তথ্য অনুসন্ধানসহ দৈনন্দিন জীবনে প্রযুক্তির কার্যকর প্রয়োগ বিষয়ে ব্যবহারিক প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।ভারপ্রাপ্ত জোন কমান্ডার বলেন, শিক্ষিত ও দক্ষ মানবসম্পদ একটি অঞ্চলের টেকসই উন্নয়নের অন্যতম প্রধান ভিত্তি। তথ্যপ্রযুক্তিতে তরুণদের দক্ষ করে গড়ে তোলার মাধ্যমে তাদের আত্মনির্ভরশীল হওয়ার সুযোগ সৃষ্টি করা সম্ভব।তিনি বলেন, পাহাড়ি ও বাঙালি তরুণদের যৌথভাবে প্রশিক্ষণে সম্পৃক্ত করার মাধ্যমে পারস্পরিক সহযোগিতা, সৌহার্দ্য ও সম্প্রীতিও আরও সুদৃঢ় হবে।বাংলাদেশ সেনাবাহিনীর এ উদ্যোগ পার্বত্য চট্টগ্রামের তরুণদের প্রযুক্তিনির্ভর শিক্ষায় সম্পৃক্ত করার পাশাপাশি দক্ষতা উন্নয়ন, কর্মসংস্থান এবং আর্থ-সামাজিক অগ্রগতিতে ইতিবাচক ভূমিকা রাখবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।