• ঢাকা
  • |
  • সোমবার ৩০শে ভাদ্র ১৪৩৩ সকাল ১০:৫০:০৪ (14-Sep-2026)
  • - ৩৩° সে:
ছেলেদের পথেই ভারতের মেয়েরা, নকভির কাছ থেকে নিল না এশিয়া কাপের ট্রফি

ছেলেদের পথেই ভারতের মেয়েরা, নকভির কাছ থেকে নিল না এশিয়া কাপের ট্রফি

স্পোর্টস ডেস্ক: ছেলেদের পর এবার মেয়েদের এশিয়া কাপেও ট্রফি বিতরণী ঘিরে একই ঘটনা ঘটল। এশিয়ান ক্রিকেট কাউন্সিলের সভাপতি মহসিন নকভির কাছ থেকে নারী এশিয়া কাপের ট্রফি গ্রহণ করেনি ভারতীয় দল। শ্রীলঙ্কাকে ৭২ রানে হারিয়ে শিরোপা জয়ের পর পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিতও ছিল না তারা।১৩ সেপ্টেম্বর রোববার দুবাইয়ে অনুষ্ঠিত ফাইনালের পর প্রায় এক ঘণ্টা দেরিতে শুরু হয় পুরস্কার বিতরণী অনুষ্ঠান। নকভির কাছ থেকে রানার্সআপের পদক ও চেক গ্রহণ করেন শ্রীলঙ্কার অধিনায়ক চামারি আতাপাত্তু। তবে ভারতীয় দলের কোনো খেলোয়াড় তখন মঞ্চে ছিলেন না।ভারতীয় দলের অনুপস্থিতির মধ্যে পরে কর্মকর্তাদের উপস্থিতিতে দলের আলাদাভাবে পদক গ্রহণের আয়োজন করা হয়। ভারতীয় ক্রিকেট বোর্ডের কর্মকর্তারাও সেখানে উপস্থিত ছিলেন। তবে নকভির কাছ থেকে ট্রফি গ্রহণ করেনি চ্যাম্পিয়ন দল।এর আগে ২০২৫ সালের পুরুষদের এশিয়া কাপের ফাইনালেও একই ধরনের ঘটনা ঘটেছিল। পাকিস্তানকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার পর ভারতীয় পুরুষ দল নকভির কাছ থেকে ট্রফি গ্রহণ করেনি। এবার নারী দলও একই অবস্থান নিয়েছে।তবে মাঠের লড়াইয়ে অবশ্য ভারত ছিল দুর্দান্ত। শ্রীলঙ্কাকে ৭২ রানে হারিয়ে রেকর্ড অষ্টমবারের মতো নারী এশিয়া কাপের শিরোপা জেতে তারা। টস জিতে প্রথমে ব্যাট করে ভারত নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটে ১৮৩ রান করে।ভারতের হয়ে স্মৃতি মান্ধানা ৫৯ ও শেফালি ভার্মা ৬৮ রান করেন। উদ্বোধনী জুটিতে তারা যোগ করেন ১২৯ রান। পরে শ্রীলঙ্কার ব্যাটিং ইনিংস ১১১ রানে শেষ করে দেয় ভারত।ভারতের বোলারদের মধ্যে শ্রী চরণি চারটি এবং দীপ্তি শর্মা তিনটি উইকেট নেন। ফলে ৭২ রানের বড় জয় নিয়ে রেকর্ড অষ্টমবারের মতো নারী এশিয়া কাপের শিরোপা নিশ্চিত করে ভারত।সূত্র: আল জাজিরা