১৯ ব্যাংকের কার্ড, এটিএম ও অনলাইন লেনদেনে বিঘ্ন
অনলাইন ডেস্ক: কিউ-ক্যাশ নেটওয়ার্কের আওতাধীন ১৯টি ব্যাংকের কার্ড, এটিএম, পিওএস, ই-কমার্স, কিউআর কোড এবং এনপিএসবি ট্রান্সফারসহ বিভিন্ন ডিজিটাল ব্যাংকিং সেবা সাময়িকভাবে ব্যাহত হচ্ছে। ব্যাংকিং ব্যবস্থার আধুনিকায়ন ও সিস্টেম মাইগ্রেশনের কারণে এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।ব্যাংকগুলোর পক্ষ থেকে জারি করা নোটিশ অনুযায়ী, গত ৪ অক্টোবর রোববার রাত ৯টা থেকে শুরু হওয়া সার্ভিস আপডেট ও মাইগ্রেশনের কার্যক্রম আগামী ১০ অক্টোবর দুপুর ১২টা পর্যন্ত চলবে। তবে প্রযুক্তিগত সমন্বয়কাজের কারণে প্রতিষ্ঠানভেদে বিভিন্ন সেবায় বিঘ্ন ঘটার সময়সীমা কয়েক ঘণ্টা থেকে কয়েক দিন পর্যন্ত ভিন্ন হতে পারে।এই প্রযুক্তিগত সমন্বয় কাজের কারণে যেসব ব্যাংকের সেবা ব্যাহত হচ্ছে, সেগুলোর মধ্যে রয়েছে- ব্যাংক এশিয়া, বাংলাদেশ কৃষি ব্যাংক, জনতা ব্যাংক, বেঙ্গল কমার্শিয়াল ব্যাংক, কমিউনিটি ব্যাংক, যমুনা ব্যাংক, মিডল্যান্ড ব্যাংক, মেঘনা ব্যাংক, মার্কেন্টাইল ব্যাংক, মধুমতি ব্যাংক, ন্যাশনাল ব্যাংক, এনআরবিসি ব্যাংক, এনসিসি ব্যাংক, রূপালী ব্যাংক, শাহজালাল ইসলামী ব্যাংক, সীমান্ত ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক, ট্রাস্ট ব্যাংক ও উত্তরা ব্যাংক।একই সময়ে ১৯টি ব্যাংকের বিভিন্ন ডিজিটাল সেবা ব্যাহত হওয়ায় সাধারণ গ্রাহকদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। বিশেষ করে জরুরি প্রয়োজনে এটিএম থেকে নগদ অর্থ উত্তোলন, অনলাইন লেনদেন এবং কার্ডের মাধ্যমে কেনাকাটার ক্ষেত্রে সাময়িক বিঘ্ন ঘটার আশঙ্কা দেখা দিয়েছে।গ্রাহকদের উদ্বেগের বিষয়ে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান গণমাধ্যমকে জানিয়েছেন, ব্যাংকগুলো নিয়ম মেনেই কেন্দ্রীয় ব্যাংককে অবহিত করে এ ধরনের রুটিন রক্ষণাবেক্ষণ ও প্রযুক্তিগত উন্নয়নের কাজ পরিচালনা করে থাকে।তিনি বলেন, প্রতিটি ব্যাংক তাদের নিজস্ব সুবিধাজনক সময় অনুযায়ী এ ধরনের কাজের সিদ্ধান্ত নিয়েছে। তবে কাকতালীয়ভাবে ১৯টি ব্যাংকের সিস্টেম আপগ্রেডের সময় একই সময়ে পড়েছে। গ্রাহকদের যাতে আগাম নোটিশ ও এসএমএসের মাধ্যমে বিষয়টি জানিয়ে দেওয়া হয়, সে বিষয়ে ব্যাংকগুলোর সঙ্গে আলোচনা করেছে কেন্দ্রীয় ব্যাংক।ব্যাংক কর্তৃপক্ষের পক্ষ থেকে জানানো হয়েছে, সিস্টেম মাইগ্রেশন ও রক্ষণাবেক্ষণের কাজ শেষ হওয়ার সঙ্গে সঙ্গে সংশ্লিষ্ট সেবাগুলো পর্যায়ক্রমে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনা হবে। সাময়িক এই অসুবিধার জন্য গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে ব্যাংকগুলো।তবে ইলেকট্রনিক ও ডিজিটাল সেবা সাময়িকভাবে ব্যাহত হলেও সংশ্লিষ্ট ব্যাংকগুলোর নিজস্ব শাখায় কাউন্টারভিত্তিক স্বাভাবিক সেবা কার্যক্রম চালু থাকবে। এ ক্ষেত্রে গ্রাহকরা স্ব-স্ব ব্যাংকের নীতিমালা অনুযায়ী শাখার কাউন্টার থেকে প্রয়োজনীয় সেবা নিতে পারবেন।সূত্র: চ্যানেল 24