মিসরে টিভি উপস্থাপিকাসহ ১২ জনের মৃত্যুদণ্ড
আন্তর্জাতিক ডেস্ক: মাদক মামলায় মিসরের টেলিভিশন উপস্থাপিকা সারাহ খলিফাসহ ১২ জনকে মৃত্যুদণ্ড দিয়েছেন দেশটির একটি আদালত। তাদের বিরুদ্ধে মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার অভিযোগ প্রমাণিত হয়েছে।মিসরের রাষ্ট্রীয় সংবাদপত্র আল-আহরামের প্রতিবেদনে বলা হয়েছে, সারাহ খলিফাসহ মৃত্যুদণ্ডপ্রাপ্তরা একটি অপরাধী চক্রের সদস্য। তারা বিদেশ থেকে মাদক তৈরির উপকরণ আমদানি করতেন বলে আদালতে প্রমাণ উপস্থাপন করা হয়েছে। তাদের কাছ থেকে অবৈধ অস্ত্র ও গুলিও জব্দ করা হয়েছে।৩৯ বছর বয়সী সারাহ খলিফা ‘মিশন ইমপসিবল’ নামের একটি অনুষ্ঠানের উপস্থাপিকা হিসেবে মিসরে পরিচিত। অনুষ্ঠানটিতে অপরাধসংক্রান্ত বিভিন্ন বিষয় তুলে ধরা হয়।তবে সারাহ খলিফা তার বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করেছেন। তার দাবি, মাদকবিরোধী সংস্থার কর্মকর্তারা তাকে মাদকের সামনে দাঁড় করিয়ে ছবি তুলেছিলেন। তিনি বলেন, এর আগে জীবনে কখনো মাদক দেখেননি।গত মাসে মৃত্যুদণ্ডের রায় দেওয়া হলেও সম্প্রতি তা প্রকাশ করা হয়েছে। মিসরের আইন অনুযায়ী, মৃত্যুদণ্ড কার্যকরের আগে দেশটির প্রধান মুফতির কাছ থেকে ধর্মীয় মতামত নেওয়া বাধ্যতামূলক। সেই মতামত পাওয়ার পর আদালতের রায় প্রকাশ করা হয়।আদালত সূত্রে জানা গেছে, মৃত্যুদণ্ডপ্রাপ্তদের কাছ থেকে ৭৫০ কেজি মাদক ও মাদক তৈরির কাঁচামাল জব্দ করা হয়েছে। মামলায় ২০ জন সাক্ষ্য দিয়েছেন। পাশাপাশি ইলেকট্রনিক প্রমাণ হিসেবে অভিযুক্তদের কথোপকথন ও ভিডিও উপস্থাপন করা হয়েছে।মৃত্যুদণ্ডপ্রাপ্তরা এ রায়ের বিরুদ্ধে আপিল করতে পারবেন।সূত্র: বিবিসি