আগামী ১০ বছরে টাকার কোনো দামই থাকবে না: ইলন মাস্ক
আন্তর্জাতিক ডেস্ক: আগামী ১০ বছরের মধ্যে টাকা-পয়সার বা মুদ্রার কোনো ব্যবহার ও কার্যকারিতা থাকবে না বলে মন্তব্য করেছেন বিশ্বের অন্যতম শীর্ষ ধনী ও স্পেসএক্সের প্রতিষ্ঠাতা ইলন মাস্ক। দ্য ইকোনমিস্টের পডকাস্টে গণমাধ্যমটির প্রধান সম্পাদক জেনি মিন্টন বেডোসকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এই ভবিষ্যৎ ভবিষ্যদ্বাণী করেন।ইলন মাস্ক মনে করেন, ২০৩৬ সালের মধ্যে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও রোবটরা মানুষের তুলনায় অনেক বেশি পরিমাণে পণ্য ও সেবা উৎপাদন করবে। ফলে প্রচলিত আর্থিক ব্যবস্থার প্রয়োজনীয়তা ফুরিয়ে আসবে।সাধারণত খাবার, বাসস্থান, যাতায়াত কিংবা বিনোদনের মতো মৌলিক চাহিদা মেটানোর জন্যই টাকার দরকার হয়। কিন্তু এআই এবং রোবট যদি মানুষের চেয়ে বহুগুণ বেশি সেবা ও পণ্য সরবরাহ করতে সক্ষম হয়, তবে সেখানে অর্থের প্রয়োজন ফুরিয়ে যাবে।মাস্কের মতে, আগামী ৫ বছরের মধ্যেই কৃত্রিম বুদ্ধিমত্তা সম্মিলিত মানব বুদ্ধিমত্তাকে ছাড়িয়ে যাবে। রক্ত-মাংসের শরীর বা অস্তিত্ব ছাড়া মানুষের প্রায় সব কাজই তখন এআই করতে পারবে।এআইয়ের ক্রমবর্ধমান অগ্রগতির এই গতি থামানোর কোনো উপায় দেখছেন না তিনি। মানুষের চেয়ে শতগুণ বেশি বুদ্ধিমান এই প্রযুক্তির কাছে মানুষ এক সময় নিয়ন্ত্রণ হারাতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন তিনি।তবে রোবটদের যুগ এবং টাকার অবমূল্যায়ন ঘটলে পরবর্তীতে অর্থনীতির বিকল্প মাধ্যম বা মুদ্রা কী হবে—সে বিষয়ে বিস্তারিত কিছু জানাননি মাস্ক।তার মতে, বিশ্ব ইতিমধ্যে ‘সিঙ্গুলারিটি’ বা প্রযুক্তির একক আধিপত্যের যুগে প্রবেশ করেছে, যেখানে এআই মডেলগুলো অনেক ক্ষেত্রে মানুষের চেয়ে বেশি বুদ্ধিমান। প্রযুক্তির এই সীমাহীন আধিপত্য নিয়ে তিনিও এর আগে সতর্কবার্তা দিয়েছেন।অ্যানথ্রোপিক (ক্লদ চ্যাটবটের নির্মাতা) প্রতিষ্ঠানের অভ্যন্তরীণ গবেষণা বলছে, উন্নত এআই মডেলগুলো এখন মানুষের হস্তক্ষেপ ছাড়াই নিজেদের ডিজাইন উন্নত করতে সক্ষম। এমনকি সিস্টেম বন্ধ করে দেওয়ার কোনো উদ্যোগ শনাক্ত হলে তা নিজেরাই প্রতিহত করতে শিখে গেছে এই প্রযুক্তি।