দেশের যেসব অঞ্চলে আজ বজ্রবৃষ্টি হতে পারে
ডেস্ক রিপোর্ট: দেশের বিভিন্ন অঞ্চলে আজ ৬ সেপ্টেম্বর রোববার বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কিছু এলাকায় মাঝারি থেকে ভারী বর্ষণও হতে পারে।আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, আজ সন্ধ্যা ৬টা পর্যন্ত রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। একই সময়ে খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। বৃষ্টির কারণে সারা দেশে দিনের ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।ঢাকার আবহাওয়া সম্পর্কে সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, এ সময় আকাশ আংশিক মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘলা থাকতে পারে। একই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দক্ষিণ অথবা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৮ থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। এ সময়ে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।আজ সকাল ৬টায় ঢাকায় ২৮ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। এ সময় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৮৮ শতাংশ। গতকাল ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩ ডিগ্রি সেলসিয়াস এবং আজকের সর্বনিম্ন তাপমাত্রা ২৮ ডিগ্রি সেলসিয়াস।গত ২৪ ঘণ্টায় ঢাকায় সামান্য পরিমাণ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। আজ সূর্যাস্ত হবে সন্ধ্যা ৬টা ১২ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় হবে ভোর ৫টা ৪২ মিনিটে।এদিকে, আজ সকাল ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য কোনো সতর্কবার্তা জারি করা হয়নি। এ সময় নদীবন্দরগুলোকে কোনো সংকেতও দেখাতে হবে না বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।