• ঢাকা
  • |
  • শনিবার ১০ই আশ্বিন ১৪৩৩ ভোর ০৪:০৬:২৩ (26-Sep-2026)
  • - ৩৩° সে:
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অস্ত্রসহ ডাকাত গ্রেফতার

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অস্ত্রসহ ডাকাত গ্রেফতার

নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জের ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে একটি প্রাইভেটকার থামিয়ে ডাকাতির প্রস্তুতিকালে মিজানুর রহমান সোহেল (৪১) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তার কাছ থেকে একটি সামুরাই, একটি চাপাতি ও তিনটি সেলাই রেঞ্জ উদ্ধার করা হয়।১২ সেপ্টেম্বর শনিবার দিবাগত রাত ২টা ৪৫ মিনিটে সোনারগাঁ থানার কাঁচপুর ইউনিয়নের ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ ঘটনা ঘটে।পুলিশ জানায়, ৬ থেকে ৭ জনের একটি সশস্ত্র ডাকাত দল মহাসড়কে একটি প্রাইভেটকারকে সিগন্যাল দিয়ে থামিয়ে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। এ সময় মোবাইল ডিউটিতে থাকা টহল পুলিশ সদস্যরা বিষয়টি দেখতে পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাত দলের ৫ থেকে ৬ জন সদস্য দৌড়ে পালিয়ে যায়।পরে পুলিশ সদস্যরা ধাওয়া করে ঘটনাস্থল থেকে মিজানুর রহমান সোহেলকে আটক করেন। তিনি কুমিল্লার চান্দিনা থানার জিরাবাইস এলাকার আব্দুর রব মিয়ার ছেলে।পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় সোহেল একটি সংঘবদ্ধ ডাকাত দলের সদস্য। তার দলের অন্য সদস্যদের মধ্যে রাকিব (৩৫), যিনি শ্রাবণ গাড়ির হেলপার হিসেবে পরিচিত; নাহিদ (৩৩), কাঁচপুর উত্তরপাড়া এলাকার মজিবরের ছেলে; আলামিন (২৫), একই এলাকার বাসিন্দা; ইউসুফ (৩০) এবং আরও ১ থেকে ২ জন অজ্ঞাতনামা সদস্য রয়েছে।নারায়ণগঞ্জ জেলা অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অপারেশন) তারেক আল মেহেদী বলেন, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ডাকাতির প্রস্তুতিকালে একজনকে অস্ত্রসহ গ্রেফতার করা হয়েছে। তার দেওয়া তথ্যের ভিত্তিতে পলাতক অন্য সদস্যদের শনাক্ত ও গ্রেফতারে অভিযান চলছে।তিনি আরও বলেন, এ ঘটনায় গ্রেফতার সোহেলের বিরুদ্ধে ডাকাতির প্রস্তুতির মামলা করা হয়েছে। পরে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে। পলাতক অন্য আসামিদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।