• ঢাকা
  • |
  • মঙ্গলবার ২৭শে শ্রাবণ ১৪৩৩ রাত ০৯:৫২:১১ (11-Aug-2026)
  • - ৩৩° সে:
অস্ট্রিয়াকে উড়িয়ে শেষ ষোলোয় স্পেন

অস্ট্রিয়াকে উড়িয়ে শেষ ষোলোয় স্পেন

স্পোর্টস ডেস্ক: বিশ্বকাপের নকআউট পর্বেও দুর্দান্ত ছন্দ ধরে রেখেছে স্পেন। শেষ বত্রিশের ম্যাচে অস্ট্রিয়াকে ৩–০ গোলে হারিয়ে সহজেই শেষ ষোলো নিশ্চিত করেছে লুইস দে লা ফুয়েন্তের শিষ্যরা।লস অ্যাঞ্জেলেসে অনুষ্ঠিত ম্যাচের শুরু থেকেই বলের দখল ও আক্রমণে আধিপত্য বিস্তার করে স্পেন। একের পর এক সুযোগ তৈরি করলেও কাঙ্ক্ষিত গোলের জন্য অপেক্ষা করতে হয় ৩৬ মিনিট পর্যন্ত।এর আগে কর্নার থেকে আসা বলে মার্ক কুকুরেয়ার জোরালো শট জালে জড়ালেও গোলটি বাতিল করেন রেফারি। কর্নারের সময় স্পেনের এক খেলোয়াড় অস্ট্রিয়ার গোলরক্ষক আলেকজান্ডার শ্লাগারের ওপর ফাউল করেছিলেন বলে সিদ্ধান্ত দেওয়া হয়।তবে বেশিক্ষণ স্পেনকে আটকে রাখতে পারেনি অস্ট্রিয়া। ৩৬তম মিনিটে কুকুরেয়ার নিখুঁত পাস থেকে ঠান্ডা মাথায় বল জালে পাঠিয়ে দলকে এগিয়ে দেন মিকেল ওইয়ারসাবাল। প্রথমার্ধে আরও কয়েকটি সুযোগ পেলেও শ্লাগারের দুর্দান্ত গোলরক্ষণ এবং একবার পোস্টে বল লাগায় ব্যবধান আর বাড়াতে পারেনি স্পেন।বিরতির পরও আক্রমণের ধার অব্যাহত রাখে স্প্যানিশরা। ম্যাচের ৬৬তম মিনিটে আলেক্স বায়েনার বাঁ প্রান্ত থেকে ভেসে আসা নিখুঁত ক্রসে দারুণ এক হেডে ব্যবধান দ্বিগুণ করেন ডিফেন্ডার পেদ্রো পোরো।দুই গোলে এগিয়ে যাওয়ার পরও আক্রমণ থামায়নি স্পেন। ম্যাচের ৮৯তম মিনিটে দলীয় দৃষ্টিনন্দন আক্রমণ থেকে নিজের দ্বিতীয় গোলটি করেন ওইয়ারসাবাল। কুকুরেয়ার বাড়ানো বল বক্সের ভেতরে পেয়ে সহজেই জালে পাঠান এই ফরোয়ার্ড। চলতি বিশ্বকাপে এটি তাঁর চতুর্থ গোল।দাপুটে এই জয়ে শেষ ষোলোর টিকিট নিশ্চিত করার পাশাপাশি শিরোপার অন্যতম দাবিদার হিসেবে নিজেদের অবস্থান আরও শক্ত করল ইউরোপের পরাশক্তি স্পেন।