পুরোনো ভিডিও ছড়িয়ে বিজিবির বিরুদ্ধে অপপ্রচার, সতর্ক করলো বিজিবি
অনলাইন ডেস্ক: এক বছরেরও বেশি সময় আগের একটি ভিডিও নতুন করে প্রচার করে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সম্পর্কে বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হচ্ছে বলে অভিযোগ করেছে বাহিনীটি। ভিডিওতে দেখানো ব্যক্তিরা ইউপিডিএফের সদস্য নন, বরং মিয়ানমারের সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মির সদস্য ছিলেন বলে জানিয়েছে বিজিবি।৩১ অক্টোবর শনিবার দিবাগত রাতে নিজেদের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ তথ্য জানায় বিজিবি। একই সঙ্গে পুরোনো ভিডিও বিকৃতভাবে উপস্থাপন করে অপপ্রচার চালানোর বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে বিজিবি।বিজিবি জানায়, সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমের বিভিন্ন প্ল্যাটফর্মে ‘হঠাৎ করেই বিজিবির মুখোমুখি ইউপিডিএফ! অবৈধ অস্ত্রসহ সন্ত্রাসীদের নাগালে পেয়েও.....’ শিরোনামে এক বছরেরও বেশি পুরোনো একটি ভিডিও নতুন করে প্রচার করা হচ্ছে। এতে বাহিনীর ভূমিকা সম্পর্কে মিথ্যা, বিভ্রান্তিকর ও উদ্দেশ্যপ্রণোদিত তথ্য ছড়ানো হচ্ছে।বিজিবির ভাষ্য অনুযায়ী, ভিডিওতে প্রদর্শিত ঘটনাটি বাংলাদেশ-মিয়ানমার সীমান্তবর্তী থানচির বংকুপাড়া শূন্যরেখা এলাকায় সংঘটিত হয়। ওই ঘটনায় সংশ্লিষ্ট ব্যক্তিরা ইউপিডিএফের সদস্য ছিলেন না। তারা ছিলেন মিয়ানমারের সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মির সদস্য। অথচ ঘটনাটিকে ইউপিডিএফের সঙ্গে সম্পৃক্ত করে এবং বিজিবির পদক্ষেপ আংশিক ও বিকৃতভাবে উপস্থাপন করা হচ্ছে।বিজিবি জানায়, ২০২৫ সালের ১ অক্টোবর বাংলাদেশ-মিয়ানমার সীমান্তের বিপি-৭১-এর কাছে আরাকান আর্মির একটি দল শূন্যরেখা অতিক্রম করে। বিষয়টি জানার সঙ্গে সঙ্গে বলিপাড়া ব্যাটালিয়ন (৩৮ বিজিবি) অধিনায়কের নেতৃত্বে বংকুপাড়া বিওপি থেকে ৩৮ সদস্যের একটি আভিযানিক দল দ্রুত ঘটনাস্থলে যায়।সেখানে বিজিবি সদস্যরা প্রথমে মৌখিকভাবে দলটিকে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ না করার জন্য সতর্ক করেন। পরে প্রয়োজনীয় বলপ্রয়োগের মাধ্যমে তাদের মিয়ানমারের অভ্যন্তরে ফিরে যেতে বাধ্য করা হয়। অর্থাৎ, ওই পরিস্থিতিতে বিজিবি তাৎক্ষণিক পদক্ষেপ নিয়ে দেশের সীমান্তের নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষায় দায়িত্ব পালন করেছে। ঘটনাটি নিয়ে ২০২৫ সালের ১৩ অক্টোবর গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়েছিল বলেও জানায় বাহিনীটি।বিজিবির দাবি, এক বছরেরও বেশি সময় আগের ঘটনাকে সাম্প্রতিক হিসেবে উপস্থাপন এবং সংশ্লিষ্ট সশস্ত্র গোষ্ঠীর পরিচয় পরিবর্তন করে প্রচার করার কোনো যৌক্তিকতা নেই। এ ধরনের প্রচারণা দায়িত্বশীল সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের পরিপন্থী।এটিভি/ এম এইচ আই