• ঢাকা
  • |
  • রবিবার ১২ই আশ্বিন ১৪৩৩ সকাল ০৯:৪৫:৩৪ (27-Sep-2026)
  • - ৩৩° সে:

আজ বিশ্ব পর্যটন দিবস

২৭ সেপ্টেম্বর ২০২৬ সকাল ০৮:৪৯:১৫

আজ বিশ্ব পর্যটন দিবস

ডেস্ক রিপোর্ট: আজ ২৭ সেপ্টেম্বর রোববার দেশে পালিত হচ্ছে বিশ্ব পর্যটন দিবস। ‘ডিজিটাল রূপান্তর ও কৃত্রিম বুদ্ধিমত্তায় আগামীর পর্যটন’ প্রতিপাদ্যকে সামনে রেখে দিবসটি উপলক্ষে সপ্তাহব্যাপী নানা কর্মসূচি নিয়েছে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় এবং বাংলাদেশ ট্যুরিজম বোর্ড।

সকালে রাজধানীর আগারগাঁওয়ের পর্যটন ভবন থেকে বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে দিবসের কর্মসূচি শুরু হবে। বাংলাদেশ জাতীয় সংসদের বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির চেয়ারম্যান আবুল কালাম আজাদ সিদ্দিকী শোভাযাত্রার উদ্বোধন করবেন। এতে পর্যটন খাতের সরকারি-বেসরকারি অংশীজনরা অংশ নেবেন।

শোভাযাত্রায় আবহমান বাংলার জীবনধারা, ক্ষুদ্র জাতিগোষ্ঠীর ঐতিহ্য এবং ঢাকার সাংস্কৃতিক ইতিহাস তুলে ধরা হবে। সকাল সাড়ে ৯টায় হবে সাইকেল শোভাযাত্রা। এরপর সুবিধাবঞ্চিত শিশুদের জন্য বাংলাদেশ পর্যটন করপোরেশনের উদ্যোগে আয়োজন করা হবে গাইডেড সিটি ট্যুর। এর মাধ্যমে শিশুরা রাজধানীর বিভিন্ন পর্যটন আকর্ষণ ঘুরে দেখার সুযোগ পাবে।

দিবস উপলক্ষে ২৮ সেপ্টেম্বর পর্যটন খাতের অংশীজনদের সঙ্গে মতবিনিময় সভা হবে। ৩০ সেপ্টেম্বর বাংলাদেশে অবস্থানরত বিভিন্ন দেশের কূটনীতিকদের সঙ্গে পৃথক বৈঠক অনুষ্ঠিত হবে। বাংলাদেশের পর্যটন সম্পর্কে আন্তর্জাতিক পর্যায়ে প্রচার বাড়ানো, বিদেশি পর্যটক আকৃষ্ট করা এবং বিভিন্ন দেশের সঙ্গে সহযোগিতা বৃদ্ধির বিষয় এসব আয়োজনে গুরুত্ব পাবে।

বিশ্ব পর্যটন দিবসের মূল আয়োজন হবে আগামী ৩ অক্টোবর রাজধানীর শেরেবাংলা নগরের বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে। সেখানে ১২টি বিষয়ভিত্তিক প্রদর্শনী স্টলে দেশের ঐতিহ্যবাহী খাবার, ভৌগোলিক নির্দেশক পণ্য, কারুশিল্প, তাঁত ও বস্ত্র, ক্ষুদ্র জাতিগোষ্ঠীর ঐতিহ্য, সাংস্কৃতিক বৈচিত্র্য, পর্যটন গন্তব্য এবং আবহমান বাংলার জীবনধারা তুলে ধরা হবে।

প্রতিপাদ্যের সঙ্গে সামঞ্জস্য রেখে কৃত্রিম বুদ্ধিমত্তার মাধ্যমে বিভিন্ন পর্যটন গন্তব্যের ভার্চুয়াল অভিজ্ঞতা, সময়ভ্রমণ ও ছবি তোলার সুযোগও প্রদর্শন করা হবে। এদিন ‘ডিজিটাল রূপান্তর ও কৃত্রিম বুদ্ধিমত্তায় আগামীর পর্যটন’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হবে। এতে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত প্রধান অতিথি এবং মন্ত্রণালয়ের সচিব ফাহমিদা আক্তার সভাপতিত্ব করার কথা রয়েছে।

এবারই প্রথম দেওয়া হবে ‘বাংলাদেশ পর্যটন পুরস্কার ২০২৬’। পর্যটন খাতের টেকসই উন্নয়ন, সেবার মানোন্নয়ন, উদ্ভাবন, ডিজিটাল রূপান্তর, স্থানীয় জনগোষ্ঠীর অংশগ্রহণ, নারী ও তরুণ উদ্যোক্তাদের উৎসাহ এবং পরিবেশ ও সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণে অবদানের স্বীকৃতি হিসেবে ১৩টি বিভাগে এ পুরস্কার দেওয়া হবে।

সংবাদ সম্মেলনে বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা মুতাসিম বিল্লাহ ফারুকী জানান, বিদেশি পর্যটক বাড়াতে আন্তর্জাতিক পর্যটন প্রচার জোরদারের উদ্যোগ নেওয়া হচ্ছে। বিদেশি কূটনীতিকদের পাশাপাশি আন্তর্জাতিক পর্যায়ের প্রভাবশালী ব্লগার, সামাজিক যোগাযোগমাধ্যমের প্রভাবশালী ব্যক্তি ও সাংবাদিকদের যুক্ত করে বাংলাদেশকে তুলে ধরার পরিকল্পনাও রয়েছে।

এ ছাড়া পর্যটনসংশ্লিষ্ট কর্মীদের প্রশিক্ষণের পাশাপাশি বিমানবন্দরে বিদেশি পর্যটকদের সঙ্গে প্রথম যোগাযোগকারী ইমিগ্রেশন পুলিশের সদস্যদেরও প্রশিক্ষণ দেওয়া হচ্ছে বলে জানান তিনি।

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব ফাহমিদা আক্তার বলেন, পর্যটন খাতকে জাতীয় অর্থনীতির মূলধারার সঙ্গে আরও শক্তভাবে যুক্ত করে মোট দেশজ উৎপাদনে এ খাতের অবদান বর্তমান ২ থেকে ৩ শতাংশ থেকে ৭ শতাংশে উন্নীত করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

পর্যটন খাতের প্রকৃত অবদান ও সম্ভাবনা নিরূপণে স্যাটেলাইট হিসাব তৈরির কাজ চলছে বলেও জানান তিনি। এর মাধ্যমে কর্মসংস্থান, দেশি-বিদেশি পর্যটকের সংখ্যা, দেশি-বিদেশি পর্যটন কার্যক্রম এবং পর্যটকদের পছন্দের গন্তব্যসহ এ খাতের অর্থনৈতিক কর্মকাণ্ডের একটি পূর্ণাঙ্গ চিত্র পাওয়া যাবে।

বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে আয়োজিত কর্মসূচির মাধ্যমে দেশের পর্যটন সম্ভাবনা তুলে ধরার পাশাপাশি প্রযুক্তি ও কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার বাড়িয়ে ভবিষ্যৎ পর্যটন খাতকে আরও আধুনিক ও টেকসই করার বিষয়টি গুরুত্ব পাচ্ছে।

সূত্র: প্রথম আলো

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ






এটাই আমার শেষ বিশ্বকাপ: কোহলি
এটাই আমার শেষ বিশ্বকাপ: কোহলি
২৭ সেপ্টেম্বর ২০২৬ সকাল ০৯:১৪:১৬