ডেস্ক রিপোর্ট: বাংলাদেশের স্টার্টআপ ও তরুণ উদ্যোক্তাদের জন্য আন্তর্জাতিক পর্যায়ে নিজেদের উদ্ভাবনী ধারণা তুলে ধরার সুযোগ তৈরি হয়েছে। আগামী ৬ নভেম্বর যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিসকোতে অনুষ্ঠেয় বৈশ্বিক প্রতিযোগিতায় বাংলাদেশের প্রতিনিধি হিসেবে অংশ নেওয়ার সুযোগ থাকছে দেশের নির্বাচিত উদ্যোক্তাদের।
বাংলাদেশের শিক্ষার্থী, তরুণ উদ্যোক্তা, করপোরেট পেশাজীবী, স্টার্টআপ প্রতিষ্ঠাতা এবং নতুন ব্যবসায়িক ধারণা নিয়ে কাজ করা ব্যক্তিরা এ প্রতিযোগিতায় অংশ নিতে পারবেন।
প্রাথমিক ধারণা, প্রি-সিড, সিড এবং প্রাথমিক পর্যায়ের সিরিজ-এ পর্যায়ে থাকা পাঁচ বছরের কম বয়সী স্টার্টআপগুলো আবেদন করতে পারবে। সর্বোচ্চ তিন সদস্যের দল গঠন করে প্রতিযোগিতায় অংশ নেওয়া যাবে।
বাংলাদেশের আঞ্চলিক বিজয়ী পাবেন ৫০ হাজার টাকা, ক্রেস্ট ও সনদ। পাশাপাশি তিনি সরাসরি সান ফ্রান্সিসকোতে অনুষ্ঠেয় বৈশ্বিক প্রতিযোগিতায় অংশ নেওয়ার সুযোগ পাবেন।
এ ছাড়া বাংলাদেশের সেরা ১০টি স্টার্টআপ সান ফ্রান্সিসকোতে অনুষ্ঠিত মূল আয়োজনের নেটওয়ার্কিং সেশনে অংশ নেওয়ার সুযোগ পাবে। সেখানে আন্তর্জাতিক বিনিয়োগকারী, ভেঞ্চার ক্যাপিটাল প্রতিষ্ঠান, প্রযুক্তি উদ্যোক্তা এবং ব্যবসায়িক খাতের নীতিনির্ধারকদের সঙ্গে যোগাযোগের সুযোগ তৈরি হবে।
আন্তর্জাতিক প্রতিযোগিতার জন্য উদ্যোক্তাদের প্রস্তুত করতে অভিজ্ঞ উদ্যোক্তা, বিনিয়োগকারী ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সমন্বয়ে দুটি সরাসরি প্রশিক্ষণ সেশনেরও আয়োজন করা হবে। এসব সেশনে ব্যবসায়িক উপস্থাপনা, বিনিয়োগকারীদের সামনে পিচিং এবং আন্তর্জাতিক পর্যায়ে প্রতিযোগিতার প্রস্তুতি বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হবে।
স্টার্টআপ ওয়ার্ল্ডকাপ বাংলাদেশের প্রোগ্রাম ডিরেক্টর আশিক খান বলেন, গত বছর সফলভাবে বাংলাদেশ পর্ব আয়োজন করা হয়েছিল এবং দেশের একটি স্টার্টআপ বৈশ্বিক মঞ্চে বাংলাদেশের প্রতিনিধিত্ব করেছে।
তিনি বলেন, গত বছরের অভিজ্ঞতার ভিত্তিতে এবার আরও বড় পরিসরে আয়োজন করা হচ্ছে। দেশের উদ্ভাবনী স্টার্টআপগুলোর জন্য বৈশ্বিক বিনিয়োগ ও আন্তর্জাতিক বাজারের সুযোগ তৈরি করাই এ উদ্যোগের অন্যতম লক্ষ্য।
গত আসরে রোবো টেকনোলজিস বাংলাদেশ পর্বে বিজয়ী হয়ে সান ফ্রান্সিসকোতে অনুষ্ঠিত বৈশ্বিক চূড়ান্ত পর্বে বাংলাদেশের প্রতিনিধিত্ব করেছিল।
আয়োজকদের আশা, এবারের প্রতিযোগিতার মাধ্যমে বাংলাদেশের নতুন প্রজন্মের উদ্যোক্তারা আন্তর্জাতিক বিনিয়োগকারী ও প্রযুক্তি খাতের সঙ্গে সরাসরি যোগাযোগের সুযোগ পাবেন। এর মাধ্যমে দেশের স্টার্টআপ ইকোসিস্টেম আরও শক্তিশালী হবে।
আগ্রহী উদ্যোক্তারা আগামী ২০ আগস্ট ২০২৬ পর্যন্ত নিবন্ধন করতে পারবেন।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available