• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ১২ই অগ্রহায়ণ ১৪৩৩ দুপুর ০১:৫১:৪৮ (26-Nov-2026)
  • - ৩৩° সে:

৬৪ জেলায় বিনামূল্যে এআই প্রশিক্ষণ দেবে সরকার, ক্লাস শুরু ১ ডিসেম্বর

২৬ নভেম্বর ২০২৬ দুপুর ১২:৩৭:২০

৬৪ জেলায় বিনামূল্যে এআই প্রশিক্ষণ দেবে সরকার, ক্লাস শুরু ১ ডিসেম্বর
প্রতীকি ছবি

ডেস্ক রিপোর্ট: দেশের ৬৪ জেলায় ১৮ থেকে ৩৫ বছর বয়সী তরুণ-তরুণীদের বিনামূল্যে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) বিষয়ে প্রশিক্ষণ দিচ্ছে সরকার। যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে পরিচালিত এ প্রশিক্ষণের তৃতীয় ব্যাচের ক্লাস শুরু হবে আগামী ১ ডিসেম্বর। দুই মাসের এ কোর্সে অংশগ্রহণকারীরা প্রশিক্ষণ ফি ছাড়াই এআই প্রযুক্তির ব্যবহারিক জ্ঞান অর্জনের সুযোগ পাবেন। পাশাপাশি প্রতিদিন ২০০ টাকা যাতায়াত ভাতা ও খাবার দেওয়া হবে।

যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধীন যুব উন্নয়ন অধিদপ্তর বাস্তবায়নাধীন ‘তথ্যপ্রযুক্তি জ্ঞানসম্পন্ন যুবদের কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির মাধ্যমে দক্ষতা উন্নয়ন’ প্রকল্পের আওতায় এ প্রশিক্ষণ কার্যক্রম পরিচালিত হচ্ছে।

প্রকল্পের তথ্য অনুযায়ী, প্রশিক্ষণ চলবে ২০২৬ সালের ১ ডিসেম্বর থেকে ২০২৭ সালের ৩১ জানুয়ারি পর্যন্ত। ৫০ দিনে মোট ৩০০ ঘণ্টার ক্লাস অনুষ্ঠিত হবে। প্রতিদিন ছয় ঘণ্টা করে প্রশিক্ষণ দেওয়া হবে। কোর্স শেষে নির্ধারিত শর্ত পূরণ করে সফলভাবে প্রশিক্ষণ সম্পন্নকারীদের সরকারি সনদ দেওয়া হবে।

আরও পড়ুন

হ্যাকারদের হামলা, ঝুঁকিতে আইফোন ব্যবহারকারী

যুব উন্নয়ন অধিদপ্তরের মহাপরিচালক মো. মোতাহার হোসেন বাসসকে বলেন, ‘দেশের বিপুলসংখ্যক তরুণকে তথ্যপ্রযুক্তি ও কৃত্রিম বুদ্ধিমত্তায় দক্ষ করে তোলার লক্ষ্য নিয়ে এ প্রশিক্ষণ কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে। ১৮ থেকে ৩৫ বছর বয়সী আগ্রহী তরুণ-তরুণীরা নির্ধারিত যোগ্যতা পূরণ সাপেক্ষে এতে অংশ নিতে পারবেন।’

তিনি বলেন, দেশের ৬৪ জেলায় প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনার পরিকল্পনা রয়েছে। আমরা চাই, প্রশিক্ষণার্থীরা এআই প্রযুক্তির ব্যবহারিক জ্ঞান অর্জনের মাধ্যমে নিজেদের কর্মসংস্থানের নতুন ক্ষেত্র তৈরি করতে সক্ষম হবেন।

আবেদনের যোগ্যতা ও বাছাইপ্রক্রিয়া

আরও পড়ুন

মাইক্রোসফটের সেবায় বড় বিপর্যয়, ভোগান্তিতে ৭৪ দেশের লাখো মানুষ

যুব উন্নয়ন অধিদপ্তরের ১২ নভেম্বর প্রকাশিত ভর্তি বিজ্ঞপ্তি অনুযায়ী, প্রশিক্ষণে অংশ নিতে আবেদনকারীদের বয়স ১৮ থেকে ৩৫ বছরের মধ্যে হতে হবে। শিক্ষাগত যোগ্যতা কমপক্ষে উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) বা সমমান পাস। পাশাপাশি কম্পিউটার পরিচালনা ও তথ্যপ্রযুক্তি বিষয়ে প্রাথমিক জ্ঞান থাকতে হবে।

এ ছাড়া ইংরেজিতে মৌলিক পড়া ও লেখার দক্ষতা থাকতে হবে। বাছাইয়ের ক্ষেত্রে কম্পিউটার ও তথ্যপ্রযুক্তিতে মৌলিক জ্ঞান এবং ইংরেজিতে দক্ষতাসম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।

আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে বলা হয়েছিল। আবেদনের শেষ সময় ছিল ২৪ নভেম্বর রাত ১১টা ৫৯ মিনিট। নির্ধারিত সময় শেষ হওয়ায় বর্তমানে নতুন করে আবেদনের সুযোগ নেই।

আরও পড়ুন

মাইক্রোসফটের সেবায় বিশ্বজুড়ে বিভ্রাট, বিপাকে হাজারো ব্যবহারকারী

আবেদনকারীদের মধ্য থেকে লিখিত ও মৌখিক পরীক্ষার মাধ্যমে প্রশিক্ষণার্থী নির্বাচন করা হবে। সূচি অনুযায়ী, আগামী ২৮ নভেম্বর লিখিত এবং ২৯ নভেম্বর মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে। চূড়ান্তভাবে নির্বাচিতদের তালিকা ৩০ নভেম্বর প্রকাশের পরিকল্পনা রয়েছে। পরীক্ষার কেন্দ্র, সময়সূচি ও ফলাফল সংশ্লিষ্ট প্রার্থীদের মুঠোফোনে খুদে বার্তার মাধ্যমে জানানো হবে।

প্রশিক্ষণে মিলবে ভাতা ও খাবার

প্রশিক্ষণটি সম্পূর্ণ বিনামূল্যে। অংশগ্রহণকারীদের কোনো ভর্তি বা প্রশিক্ষণ ফি দিতে হবে না। বরং প্রশিক্ষণ চলাকালে প্রতিদিন ২০০ টাকা করে যাতায়াত ভাতা দেওয়া হবে। পাশাপাশি প্রতিদিন খাবারের ব্যবস্থাও থাকবে।

আরও পড়ুন

নব্বই হাজার উদ্যোক্তার ডিজিটাল সক্ষমতা বাড়িয়েছে সাইবার হাইজিন প্রশিক্ষণ

প্রশিক্ষণ শেষে নির্ধারিত মূল্যায়নে সফল হওয়া অংশগ্রহণকারীদের সনদ দেওয়া হবে। প্রশিক্ষণটি সরাসরি শ্রেণিকক্ষে অনুষ্ঠিত হবে। জেলার জন্য নির্ধারিত প্রশিক্ষণ প্রতিষ্ঠানের কম্পিউটার ল্যাবে ক্লাস নেওয়া হবে।

যুব উন্নয়ন অধিদপ্তরের এআই প্রকল্পের প্রকল্প পরিচালক মো. আতিকুর রহমান বাসসকে বলেন, এই প্রশিক্ষণে শুধু তাত্ত্বিক জ্ঞানই দেওয়া হবে না, বরং এর পাশাপাশি ব্যবহারিক শিক্ষার ওপরও গুরুত্ব দেওয়া হবে। তিনি বলেন, ‘প্রশিক্ষণার্থীরা বিভিন্ন এআই টুলের ব্যবহার, তথ্য বিশ্লেষণ, ডিজিটাল কনটেন্ট তৈরি ও প্রযুক্তিনির্ভর বিভিন্ন কাজ সম্পর্কে ধারণা পাবেন। মোট ৩০০ ঘণ্টার প্রশিক্ষণের মাধ্যমে তাদের হাতে-কলমে দক্ষতা তৈরির পরিকল্পনা রয়েছে।’

আতিকুর রহমান আরও বলেন, প্রশিক্ষণ শেষে অর্জিত জ্ঞান বাস্তবে প্রয়োগ করতে পারেন, এমনভাবে পাঠ্যক্রম সাজানো হয়েছে।

আরও পড়ুন

স্কুল শিক্ষার্থীদের জন্য এআই টুল স্বয়ংক্রিয়ভাবে বন্ধ রাখছে গুগল

চার অঞ্চলে প্রশিক্ষণ পরিচালনা

দেশের আটটি বিভাগকে চারটি অঞ্চলে ভাগ করে প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। যুব উন্নয়ন অধিদপ্তরের প্রকল্পের ওয়েবসাইটে প্রকাশিত তথ্য অনুযায়ী, ঢাকা ও ময়মনসিংহ বিভাগের ১৭ জেলায় প্রশিক্ষণ পরিচালনার দায়িত্ব পেয়েছে ই-লার্নিং অ্যান্ড আর্নিং লিমিটেড।

রাজশাহী ও রংপুর বিভাগের ১৬ জেলায় দায়িত্ব পালন করবে এসইও এক্সপার্ট, ইউরোপিয়ান আইটি ও কাইজেন আইটির যৌথ উদ্যোগ। বরিশাল ও খুলনা বিভাগের ১৬ জেলায় প্রশিক্ষণ পরিচালনা করবে ই-লার্নিং অ্যান্ড আর্নিং লিমিটেড। অন্যদিকে, চট্টগ্রাম ও সিলেট বিভাগের ১৫ জেলায় দায়িত্ব পেয়েছে সার্ভিস ইঞ্জিনস, ডট কম সিস্টেমস ও উইজার্ড সফটওয়্যারের যৌথ উদ্যোগ।

কেন গুরুত্বপূর্ণ এ প্রশিক্ষণ

বর্তমানে শিক্ষা, চিকিৎসা, কৃষি, শিল্প, ব্যবসা-বাণিজ্য, গণমাধ্যম ও তথ্যপ্রযুক্তিসহ বিভিন্ন ক্ষেত্রে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার বাড়ছে। তথ্য বিশ্লেষণ, কনটেন্ট তৈরি, অনুবাদ, গবেষণা, ছবি ও ভিডিও সম্পাদনা এবং সফটওয়্যার উন্নয়নের মতো কাজে এআই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

এ পরিস্থিতিতে তরুণদের এআই প্রযুক্তির ব্যবহারিক জ্ঞান ও দক্ষতা অর্জনের সুযোগ তৈরি করা কর্মসংস্থানের নতুন ক্ষেত্র সম্প্রসারণে সহায়ক হতে পারে। বিশেষ করে ফ্রিল্যান্সিং, ডিজিটাল বিপণন, গ্রাফিক নকশা, কনটেন্ট তৈরি ও তথ্য বিশ্লেষণের মতো কাজে এ দক্ষতা কাজে লাগানোর সুযোগ রয়েছে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল (সিএসই) বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. আব্দুর রাজ্জাক বাসসকে বলেন, ‘বর্তমান সময়ে প্রায় সব পেশাতেই কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির ব্যবহার বাড়ছে। তাই তরুণদের এ প্রযুক্তিতে দক্ষ করে তোলার সরকারি উদ্যোগ অত্যন্ত সময়োপযোগী।’

তিনি বলেন, এ প্রশিক্ষণের মাধ্যমে তরুণরা এআই টুলের ব্যবহারিক প্রয়োগ, সমস্যা সমাধান, তথ্য বিশ্লেষণ ও প্রযুক্তিনির্ভর কাজের বিষয়ে ধারণা পাবেন। পাশাপাশি প্রোগ্রামিংয়ের প্রাথমিক জ্ঞান, বিশ্লেষণী চিন্তা এবং এআই প্রযুক্তির নৈতিক ব্যবহার সম্পর্কে দক্ষতা অর্জনের সুযোগ তৈরি হবে।

আব্দুর রাজ্জাক আরও বলেন, যথাযথ প্রশিক্ষণ ও নিয়মিত অনুশীলনের মাধ্যমে তরুণেরা এ জ্ঞান কাজে লাগিয়ে কর্মসংস্থান ও আত্মকর্মসংস্থানের নতুন ক্ষেত্র তৈরি করতে পারবেন।

বিশেষজ্ঞদের মতে, এ ধরনের প্রশিক্ষণের পাশাপাশি প্রশিক্ষণ-পরবর্তী কর্মসংস্থান, ফ্রিল্যান্সিংয়ে কাজের সুযোগ, উদ্যোক্তা উন্নয়ন এবং প্রয়োজনীয় পরামর্শের ব্যবস্থা থাকলে উদ্যোগটি আরও কার্যকর হবে। একই সঙ্গে তথ্য যাচাই, বিশ্লেষণী চিন্তা, সৃজনশীলতা ও এআই প্রযুক্তির নৈতিক ব্যবহার সম্পর্কেও প্রশিক্ষণার্থীদের সচেতন করা জরুরি।

প্রশিক্ষণসংক্রান্ত বিস্তারিত তথ্য, কোর্সের বিবরণ ও ভর্তি বিজ্ঞপ্তি দেখতে যুব উন্নয়ন অধিদপ্তরের প্রকল্পের ওয়েবসাইটে ভিজিট করা যাবে।

এটিভি/এসআইআর

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

শাহরুখ-অনন্ত আম্বানি বিতর্কে আইনি নোটিশ!
শাহরুখ-অনন্ত আম্বানি বিতর্কে আইনি নোটিশ!
২৬ নভেম্বর ২০২৬ দুপুর ০১:৪৬:৩৮


প্রবাসীদের ভোট নিয়ে ইসির জরুরি নির্দেশনা
প্রবাসীদের ভোট নিয়ে ইসির জরুরি নির্দেশনা
২৬ নভেম্বর ২০২৬ দুপুর ০১:২৭:৩৩


পুলিশের ঊর্ধ্বতন আরও ২ কর্মকর্তা আটক
পুলিশের ঊর্ধ্বতন আরও ২ কর্মকর্তা আটক
২৬ নভেম্বর ২০২৬ দুপুর ১২:৪৬:০২