স্পোর্টস ডেস্ক: অদ্ভুত এক কঠোর নীতিমালার পথে হাঁটতে যাচ্ছে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড (এসএলসি)। নতুন প্রস্তাব অনুযায়ী, ম্যাচ হারলেই জরিমানা গুনতে হতে পারে ক্রিকেটারদের। পাশাপাশি বোনাস কাঠামোতেও বড় পরিবর্তন আনার পরিকল্পনা করছে বোর্ড।
দেশটির গণমাধ্যমগুলোর খবর, কয়েক দিনের মধ্যেই এসব প্রস্তাব ক্রিকেটারদের জানানো হবে।


এত দিন র্যাংকিংয়ের শীর্ষ ৯ দলের বিপক্ষে জিতলে বোনাস পেতেন লঙ্কান ক্রিকেটাররা। তবে নতুন প্রস্তাবে সেই নিয়ম আরও কঠোর করা হচ্ছে। এখন থেকে শুধু শীর্ষ ৪ দলের বিপক্ষে সিরিজ জিতলেই মিলবে বোনাস। শুধু ম্যাচ জিতলেই হবে না, পুরো সিরিজ জিততে হবে।

বোনাসের পরিমাণও নির্ভর করবে কোথায় জিতছে দল। ঘরের মাঠে শীর্ষ দলগুলোকে হারালে তুলনামূলক কম বোনাস, আর প্রতিপক্ষের মাঠে হারাতে পারলে মিলবে বড় অঙ্কের পুরস্কার। বর্তমানে টেস্ট ও ওয়ানডে র্যাংকিংয়ে শ্রীলঙ্কা জাতীয় ক্রিকেট দল রয়েছে ৬ নম্বরে, আর টি-টোয়েন্টিতে ৮ নম্বরে।
অন্যদিকে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল তিন সংস্করণেই আছে ৯ নম্বরে। ফলে বাংলাদেশের বিপক্ষে সিরিজ জিতলেও কোনো বোনাস পাবে না লঙ্কানরা। একই নিয়ম প্রযোজ্য ৫ থেকে ৮ নম্বর দলের বিপক্ষেও। তবে যেকোনো দলের বিপক্ষে হারলেই জরিমানার মুখে পড়তে হবে।
বোনাস কাঠামো:
টেস্ট সিরিজে শীর্ষ দলকে তাদের মাঠে হারালে সর্বোচ্চ দেড় লাখ ডলার পর্যন্ত বোনাস দেওয়া হবে। র্যাংকিংয়ে নিচের দিকে গেলে বোনাসের পরিমাণও কমবে। ঘরের মাঠে জিতলে এই অঙ্ক আরও কম হবে।
ওয়ানডেতেও প্রায় একই কাঠামো রাখা হয়েছে, যেখানে অ্যাওয়ে সিরিজ জয়ে বেশি বোনাস এবং হোম সিরিজে তুলনামূলক কম।
টি-টোয়েন্টিতে বোনাসের পরিমাণ সমান রাখা হয়েছে হোম বা অ্যাওয়ে যেখানেই হোক।
ম্যাচ ফিতেও পরিবর্তন:
নতুন প্রস্তাবে ম্যাচ ফিতেও পার্থক্য আনা হচ্ছে। টেস্ট জিতলে ১৫ হাজার ডলার, ড্র করলে ১০ হাজার, হারলে ৭,৫০০ ডলার। ওয়ানডে জয়ে ৭,৫০০ ডলার, হারলে ৩,৫০০ ডলার। টি-টোয়েন্টিতে জয়ে ৫ হাজার, হারলে ২,৫০০ ডলার। এ ছাড়া ম্যাচ পরিত্যক্ত হলে আলাদা নির্ধারিত অঙ্ক দেওয়া হবে।
নতুন প্রস্তাবে ব্যক্তিগত পারফরম্যান্সেও প্রণোদনা রাখা হয়েছে। কোনো ক্রিকেটার র্যাংকিংয়ের শীর্ষে উঠলে এককালীন ২৫ হাজার ডলার এবং শীর্ষ পাঁচের অন্য অবস্থানগুলোতে থাকলে ২০ হাজার ডলার পুরস্কার দেওয়া হবে।
সব মিলিয়ে, পারফরম্যান্সনির্ভর কড়া আর্থিক কাঠামোর মাধ্যমে দলকে আরও প্রতিযোগিতামূলক করে তুলতেই এমন উদ্যোগ নিচ্ছে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available