• ঢাকা
  • |
  • রবিবার ৫ই আশ্বিন ১৪৩৩ দুপুর ০১:১০:৩৭ (20-Sep-2026)
  • - ৩৩° সে:
পাকিস্তানের রানপাহাড় টপকে ফাইনালে শ্রীলঙ্কা

পাকিস্তানের রানপাহাড় টপকে ফাইনালে শ্রীলঙ্কা

স্পোর্টস ডেস্ক: এশিয়ান গেমস ২০২৬ নারী ক্রিকেটের প্রথম সেমিফাইনালে পাকিস্তানকে ৮ উইকেটে হারিয়ে ফাইনাল নিশ্চিত করেছে শ্রীলঙ্কা। ২০ সেপ্টেম্বর রোববার কোরোগি স্পোর্টস পার্কে পাকিস্তানের ১৭৭ রানের লক্ষ্য মাত্র ১৭.৫ ওভারে ২ উইকেট হারিয়েই টপকে যায় শ্রীলঙ্কা।টস জিতে প্রথমে ব্যাট করে পাকিস্তান ২০ ওভারে ৪ উইকেটে ১৭৭ রান সংগ্রহ করে। দলের হয়ে রেকর্ড ১১৫ রানের জুটি গড়েন শাওয়াল জুলফিকার ও আয়েশা জাফর। দুজনেই তুলে নেন অর্ধশতক।আয়েশা ৪০ বলে ৯টি চার ও ২টি ছক্কার সাহায্যে সর্বোচ্চ ৭১ রান করেন। শাওয়াল ৫০ বলে ২টি চার ও ২টি ছক্কায় করেন ৫৪ রান। পাকিস্তানের শুরুটা অবশ্য ছিল হতাশার। ইনিংসের প্রথম বলেই সাজঘরে ফেরেন ওপেনার গুল ফেরোজা। এরপর সাইরা জাবিন ১৪ বলে ১৭ এবং অধিনায়ক ফাতিমা সানা ১২ বলে ২০ রান করেন।শ্রীলঙ্কার বোলারদের মধ্যে সুগান্ধিকা কুমারি, চামারি আতাপাত্তু ও কাভ্যা কাভিন্দি একটি করে উইকেট নেন। আয়েশা জাফর রানআউট হন।১৭৮ রানের লক্ষ্য তাড়ায় শুরু থেকেই নিয়ন্ত্রণে ছিল শ্রীলঙ্কা। অধিনায়ক চামারি আতাপাত্তুর দুর্দান্ত ব্যাটিংয়ে সহজেই জয় তুলে নেয় তারা। ৫০ বলে ৭টি চার ও ৬টি ছক্কায় অপরাজিত ৮৩ রান করেন আতাপাত্তু। তার সঙ্গে দারুণ সঙ্গ দেন হাসিনি পেরেরা, ২৬ বলে ৩টি চার ও ২টি ছক্কায় করেন ৪২ রান।এ ছাড়া ইমেশা দুলানি ২৭ এবং হার্শিতা সামারাবিক্রমা ১৭ রান করেন। পাকিস্তানের হয়ে নাশরা সান্ধু ও ফাতিমা সানা একটি করে উইকেট নিলেও শ্রীলঙ্কার জয় ঠেকাতে পারেননি।এই জয়ে এশিয়ান গেমসের নারী ক্রিকেটের সোনার পদকের লড়াইয়ে জায়গা করে নিল শ্রীলঙ্কা। দ্বিতীয় সেমিফাইনালে ভারত ও বাংলাদেশের মধ্যকার ম্যাচের বিজয়ীর মুখোমুখি হবে তারা ফাইনালে।অন্যদিকে, ওই সেমিফাইনালের পরাজিত দলকে নিয়ে পাকিস্তান খেলবে ব্রোঞ্জ পদকের ম্যাচ।