• ঢাকা
  • |
  • শনিবার ১৩ই আষাঢ় ১৪৩৩ সন্ধ্যা ০৬:২২:৪৫ (27-Jun-2026)
  • - ৩৩° সে:

কেমন হবে আর্জেন্টিনার একাদশ, মেসি কি খেলবেন?

২৭ জুন ২০২৬ বিকাল ০৫:০০:২২

কেমন হবে আর্জেন্টিনার একাদশ, মেসি কি খেলবেন?

স্পোর্টস ডেস্ক: বিশ্বকাপে প্রথম দুই ম্যাচেই প্রতিপক্ষকে উড়িয়ে দিয়ে আগেভাগেই নকআউট নিশ্চিত করেছে আর্জেন্টিনা। এই দুই ম্যাচে ৫ গোল করে বিশ্বকাপের অনেক রেকর্ড নতুনভাবে গড়েছেন মহাতারকা লিওনেল মেসি। কিন্তু আলবিসেলেস্তারা তো ইতোমধ্যেই গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে গিয়েছে, তাহলে কি জর্ডানের বিপক্ষে এই ধরনের নিয়মরক্ষার ম্যাচে ক্ষুদে জাদুকর মেসির মাঠে নামার দরকার আছে?

গ্রুপ ‘জে’-এর শেষ ম্যাচে জর্ডানের বিপক্ষে ভিন্ন এক পরিকল্পনা নিয়ে মাঠে নামছেন কোচ লিওনেল স্কালোনি। টেক্সাসের এটিঅ্যান্ডটি স্টেডিয়ামে সংবাদ সম্মেলনে স্কালোনি নিশ্চিত করেছেন, আর্জেন্টাইন অধিনায়ক প্রথম একাদশে খেলবেন না। তবে কিন্তু আছে! পুরো ম্যাচও মাঠের বাইরে থাকছেন না তিনি। স্কালোনি বলেন, ‘আগামীকালের ম্যাচে লিও বদলি হিসেবে খেলবে, ম্যাচের পরের অংশে সে মাঠে নামবে। চূড়ান্ত একাদশ আমরা ম্যাচ শুরুর আগেই ঘোষণা করব।’

এদিকে স্কালোনি স্পষ্ট করে বলেছেন, ‘আগামীকাল কারা শুরুর একাদশে খেলবেন, সেই সিদ্ধান্ত পরের রাউন্ডের প্রতিপক্ষের ওপর নির্ভর করে নেওয়া হয়নি।’ চলতি বিশ্বকাপে এখন পর্যন্ত আর্জেন্টিনার আক্রমণের পুরো ভার একাই কাঁধে তুলে নিয়েছেন মেসি। আলজেরিয়ার বিপক্ষে হ্যাটট্রিক এবং অস্ট্রিয়ার বিপক্ষে জোড়া গোল, অর্থাৎ দুই ম্যাচে পাঁচ গোল করে তিনি শুধু টুর্নামেন্টের সর্বোচ্চ গোলদাতাই নন, বিশ্বকাপ ইতিহাসে পুরুষ ফুটবলারদের সর্বোচ্চ ১৮ গোলের নতুন রেকর্ডও নিজের নামে লিখিয়েছেন। স্বাভাবিকভাবেই গোল্ডেন বুটের লড়াইয়েও সবচেয়ে এগিয়ে আছেন তিনি।

তবে বিশ্বকাপ শুরুর আগে থেকেই বাঁ-পায়ের হ্যামস্ট্রিংয়ের সমস্যায় ভুগছিলেন মেসি। শেষ বত্রিশের টিকিট নিশ্চিত হয়ে যাওয়ায় নিয়মরক্ষার এই ম্যাচে তাকে নিয়ে কোনো ধরনের ঝুঁকি নিতে চাইছে না আর্জেন্টিনা টিম ম্যানেজমেন্ট। শুধু মেসিই নন, প্রথম একাদশেও দেখা যেতে পারে একাধিক পরিবর্তন। নিয়মিত গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেস ছাড়া বাকি পজিশনগুলোতে নতুন মুখদের সুযোগ দেওয়ার সম্ভাবনা রয়েছে। মেসির জায়গায় শুরু থেকেই মাঠে দেখা যেতে পারে তরুণ নিকো পাসকে। আলজেরিয়ার বিপক্ষে বদলি হিসেবে নেমেই বিশ্বকাপে অভিষেক হয়েছিল তার।

সমীকরণ অনুযায়ী, নকআউট পর্বে আর্জেন্টিনার প্রতিপক্ষ হবে গ্রুপ ‘এইচ’-এর রানার্সআপ কেপ ভার্দে। বিশ্বকাপের ইতিহাসে সবচেয়ে ছোট দেশ হিসেবে শেষ বত্রিশে উঠে ইতোমধ্যেই আলোচনায় এসেছে আফ্রিকার দলটি। জর্ডানের বিপক্ষে দায়িত্ব শেষ করেই মিয়ামিতে নকআউট মিশনের উদ্দেশ্যে যাত্রা করবে স্কালোনির দল।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ











Follow Us