• ঢাকা
  • |
  • শুক্রবার ১৯শে আষাঢ় ১৪৩৩ সকাল ০৯:৪১:৪৪ (03-Jul-2026)
  • - ৩৩° সে:

যুক্তরাষ্ট্রে ক্রিকেট স্টেডিয়াম কিনলেন বলিউড বাদশা শাহরুখ খান

৩ জুলাই ২০২৬ সকাল ০৮:২০:১৯

যুক্তরাষ্ট্রে ক্রিকেট স্টেডিয়াম কিনলেন বলিউড বাদশা শাহরুখ খান
“ছবি: সংগৃহীত”

বিনোদন ডেস্ক: বলিউড সুপারস্টার শাহরুখ খানের ক্রিকেট-স্বপ্নে যুক্ত হলো নতুন এক অধ্যায়। সিনেমার পর্দার পাশাপাশি ক্রিকেট অঙ্গনেও সফল এই তারকার মালিকানাধীন নাইট রাইডার্স গ্রুপ এবার যুক্তরাষ্ট্রে নিজেদের আন্তর্জাতিক মানের ক্রিকেট স্টেডিয়ামের কার্যক্রম শুরু করেছে। এর মধ্য দিয়ে দেশের বাইরে প্রথমবারের মতো নিজস্ব ক্রিকেট ভেন্যু পরিচালনার মাইলফলক স্পর্শ করল ফ্র্যাঞ্চাইজিটি।

যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে নির্মিত নাইট রাইডার্স ক্রিকেট গ্রাউন্ডে মেজর লিগ ক্রিকেটের (এমএলসি) ম্যাচ দিয়ে আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছে স্টেডিয়ামটির। উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয় লস অ্যাঞ্জেলেস নাইট রাইডার্স ও ওয়াশিংটন ফ্রিডম।

স্টেডিয়াম উদ্বোধন উপলক্ষে দেওয়া এক বিবৃতিতে শাহরুখ খান বলেন, ‘যা একসময় শুধু স্বপ্ন ছিল, আজ তা বাস্তবে রূপ নিয়েছে। বিশ্বের দ্বিতীয় সর্বাধিক জনপ্রিয় খেলা ক্রিকেটকে লস অ্যাঞ্জেলেসে নিয়ে আসতে পারা আমাদের জন্য ঐতিহাসিক মুহূর্ত।’

তিনি বলেন, ‘ফেয়ারপ্লেক্স ও নাইট রাইডার্সের দীর্ঘমেয়াদি এই অংশীদারত্ব শুধু একটি ক্রিকেট ভেন্যুই তৈরি করেনি, বরং এমন একটি জায়গা গড়ে তুলেছে, যেখানে কমিউনিটি, বিনোদন, আনন্দ এবং একসঙ্গে থাকার অনুভূতি থাকবে।’

শাহরুখ আরও বলেন, ‘এটি শুধু একটি ক্রিকেট মাঠ নয়, পরিবার ও বন্ধুদের নিয়ে সময় কাটানোর একটি কেন্দ্র। আমরা চাই, এটি লস অ্যাঞ্জেলেসে ক্রিকেটের স্থায়ী ঠিকানা হয়ে উঠুক এবং নতুন প্রজন্মকে এই খেলার প্রতি আগ্রহী করে তুলুক।’

আন্তর্জাতিক মান বজায় রেখে নির্মিত স্টেডিয়ামটিতে মূল স্কয়ারে রয়েছে আটটি উইকেট, আইসিসির মানসম্মত মাঠের পরিমাপ এবং ১২০ ফুট উঁচু ছয়টি ফ্লাডলাইট টাওয়ার। স্টেডিয়াম নির্মাণে ৩২ হাজার মেট্রিক টনেরও বেশি মাটি অপসারণ করা হয়েছে।

নাইট রাইডার্স স্পোর্টসের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ভেঙ্কি মাইসোর বলেন, ‘এটি শুধু একটি স্টেডিয়াম নয়, ক্রিকেটের ভবিষ্যৎ নিয়ে আমাদের দীর্ঘমেয়াদি দৃষ্টিভঙ্গির প্রতীক। আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম প্রতিষ্ঠা করা প্রথম বৈশ্বিক ক্রিকেট ব্র্যান্ড হিসেবে এটি আমাদের জন্য গর্বের একটি অর্জন।’

স্টেডিয়ামের উদ্বোধনী ম্যাচে আনুষ্ঠানিক প্রথম বল করেন সাবেক এনবিএ চ্যাম্পিয়ন মেটা ওয়ার্ল্ড পিস। আয়োজকদের মতে, তার উপস্থিতি যুক্তরাষ্ট্রে ক্রিকেট এবং মূলধারার ক্রীড়ার মধ্যে বাড়তে থাকা সংযোগের প্রতীক।

১ থেকে ৫ জুলাই পর্যন্ত এই ভেন্যুতে মেজর লিগ ক্রিকেটের একাধিক ম্যাচ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

বর্তমানে নাইট রাইডার্স গ্রুপের অধীনে চারটি ফ্র্যাঞ্চাইজি রয়েছে—কলকাতা নাইট রাইডার্স (আইপিএল), ত্রিনবাগো নাইট রাইডার্স (সিপিএল), আবুধাবি নাইট রাইডার্স (আইএলটি২০) এবং লস অ্যাঞ্জেলেস নাইট রাইডার্স (এমএলসি)। সব মিলিয়ে দলগুলো এখন পর্যন্ত নয়টি বড় শিরোপা জিতেছে।

সূত্র: গালফ নিউজ

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ











Follow Us