স্পোর্টস ডেস্ক: কুইন’স পার্ক ওভালে বৃষ্টিবিঘ্নিত ও স্পিনসহায়ক উইকেটে পাকিস্তানের বোলাররা বেশিরভাগ সময় ম্যাচে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার চেষ্টা করলেও দিনের শেষটা নিজেদের করে নিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। জাস্টিন গ্রিভসের দায়িত্বশীল হাফ সেঞ্চুরিতে প্রথম দিনের খেলা শেষে ৫ উইকেটে ২৩৯ রান তুলেছে স্বাগতিকরা।
দ্বিতীয় টেস্টের শুরুতেই আলোচনায় ছিল পাকিস্তানের অভিজ্ঞ পেসার মোহাম্মদ আব্বাসকে একাদশের বাইরে রাখা। তার অনুপস্থিতিতে নতুন বলে প্রত্যাশিত প্রভাব ফেলতে পারেনি সফরকারীরা। বৃষ্টির কারণে আগেভাগে লাঞ্চ বিরতি হলেও তার আগে ৯.৫ ওভারে ৪৯ রান সংগ্রহ করে ওয়েস্ট ইন্ডিজ। অবশ্য বিরতির ঠিক আগে মোহাম্মদ আলীর শিকার হন ওপেনার তেজনারাইন চন্দরপল।
দ্বিতীয় সেশনে স্পিন আক্রমণে ম্যাচে ফেরার চেষ্টা করে পাকিস্তান। আলী উসমান ও সাজিদ খান দ্রুতই সাফল্য এনে দেন। পাকিস্তানের রিভিউয়ের পর এলবিডব্লিউ হয়ে ফিরে যান ব্র্যান্ডন কিং। নিজের অভিষেক টেস্টে প্রথম উইকেটের স্বাদ পান উসমান। এরপর আরেকটি সফল রিভিউয়ে সাজিদ খানের বলে গ্লাভসে লেগে উইকেটরক্ষক মোহাম্মদ রিজওয়ানের হাতে ধরা পড়েন কাভেম হজ।
তিন উইকেট হারানোর পর শাই হোপ ও আমির জাঙ্গু ইনিংস গুছিয়ে নেন। হোপের দৃষ্টিনন্দন একটি ছক্কা ম্যাচের গতি বদলে দেয় এবং দুজন মিলে নিয়মিত রান তুলতে থাকেন। তবে ৫৩ রানের জুটি ভাঙেন উবাইদ শাহ, জাঙ্গুকে রিজওয়ানের ক্যাচে পরিণত করে টেস্ট ক্যারিয়ারের প্রথম উইকেট তুলে নেন তিনি।
এরপর গ্রিভসকে সঙ্গে নিয়ে আরেকটি গুরুত্বপূর্ণ জুটি গড়েন হোপ। তবে ব্যক্তিগত ইনিংস বড় করতে পারেননি তিনি, মোহাম্মদ আলীর বলে আউট হওয়ার আগে মূল্যবান রান যোগ করেন। হোপের বিদায়ের পর নাইটওয়াচম্যান হিসেবে অধিনায়ক রোস্টন চেজকে পাঠায় ওয়েস্ট ইন্ডিজ।
দিনের শেষভাগে পাকিস্তান স্পিনারদের দিয়ে চাপ তৈরির চেষ্টা করলেও গ্রিভস ও চেজ আর কোনো সুযোগ দেননি। দুজন মিলে অবিচ্ছিন্ন ৬৬ রানের জুটি গড়ে দিন শেষ করেন। গ্রিভস ১২৫ বলে অপরাজিত ৬৪ এবং চেজ ৩৬ রানে অপরাজিত থেকে দ্বিতীয় দিনের জন্য ওয়েস্ট ইন্ডিজকে শক্ত অবস্থানে রেখে মাঠ ছাড়েন।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available