স্পোর্টস ডেস্ক: বাংলাদেশের ক্রীড়া প্রশাসনে বড় ধরনের পরিবর্তনের অংশ হিসেবে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) একযোগে ২৭টি ক্রীড়া ফেডারেশন ও সংস্থার জন্য নতুন অ্যাডহক কমিটি ঘোষণা করেছে।
১৮ জুলাই শনিবার প্রকাশিত এ সিদ্ধান্তের মাধ্যমে আগে গঠিত অ্যাডহক কমিটিগুলোর পরিবর্তে নতুন নেতৃত্ব দায়িত্ব পেয়েছে।
নতুন কমিটিগুলোকে দায়িত্ব গ্রহণের পর আগামী তিন মাসের মধ্যে সংশ্লিষ্ট ফেডারেশনের নির্বাচন সম্পন্ন করার নির্দেশনা দেওয়া হয়েছে। এর মাধ্যমে দীর্ঘদিন ধরে নির্বাচনবিহীন থাকা বেশ কয়েকটি ফেডারেশনে গণতান্ত্রিক কাঠামো ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়া হয়েছে।
যেসব ফেডারেশন ও সংস্থায় নতুন অ্যাডহক কমিটি গঠন করা হয়েছে, সেগুলোর মধ্যে রয়েছে আর্চারি, অ্যাথলেটিকস, উশু, বক্সিং, রেসলিং, কাবাডি, কারাতে, ক্যারম, খো খো, জিমন্যাস্টিকস, জুডো, টেনিস, টেবিল টেনিস, তায়কোয়ান্দো, দাবা, ফেন্সিং, ব্যাডমিন্টন, ভলিবল, ভারোত্তোলন, মহিলা ক্রীড়া সংস্থা, রাগবি, রোয়িং, শুটিং, সাইক্লিং, সাঁতার, হকি ও হ্যান্ডবল।
নতুন কমিটিতে কয়েকটি গুরুত্বপূর্ণ পদে পরিচিত ক্রীড়া সংগঠক ও সাবেক খেলোয়াড়দের দায়িত্ব দেওয়া হয়েছে। বাংলাদেশ আর্চারির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক কাজী রাজীব উদ্দীন আহমেদ চপল এবার ফেডারেশনের সভাপতির দায়িত্ব পেয়েছেন। অ্যাথলেটিকস ফেডারেশনের সাধারণ সম্পাদক হয়েছেন সাবেক সাধারণ সম্পাদক আলী ইমাম তপন। সাঁতার ফেডারেশনের সাধারণ সম্পাদকের দায়িত্ব পেয়েছেন সৈয়দ আমিনুল হক দেওয়ান সজল।
কাবাডি ফেডারেশনের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার মো. ইসরাইল হাওলাদারকে। শুটিং ফেডারেশনের সাধারণ সম্পাদক হয়েছেন ল্যাবএইড গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সাকিফ শামীম।
সাবেক জাতীয় শুটার শারমিন আক্তার রত্না পেয়েছেন দু’টি দায়িত্ব। তিনি মহিলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদকের পাশাপাশি শুটিং ফেডারেশনের যুগ্ম সাধারণ সম্পাদকের দায়িত্বও পালন করবেন। অন্যদিকে, দক্ষিণ এশিয়ার প্রথম গ্র্যান্ডমাস্টার নিয়াজ মোরশেদকে বাংলাদেশ দাবা ফেডারেশনের সাধারণ সম্পাদক করা হয়েছে।
হকি ফেডারেশনের সাধারণ সম্পাদকের দায়িত্ব পেয়েছেন কিংবদন্তী হকি খেলোয়াড় প্রয়াত আব্দুস সাদেকের ছেলে ইশতিয়াক সাদেক। ভলিবল ফেডারেশনের সাধারণ সম্পাদক হয়েছেন জাতীয় দলের সাবেক খেলোয়াড় আব্দুল মুমিন সাদ্দাম। মহিলা ক্রীড়া সংস্থার সভাপতি হিসেবে দায়িত্বে বহাল রয়েছেন ব্যারিস্টার সারওয়াত সিরাজ শুক্লা।
এ ছাড়া হ্যান্ডবল ফেডারেশনের সাধারণ সম্পাদক সালাউদ্দিন আহমেদ, জিমন্যাস্টিকস ফেডারেশনের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান এবং বক্সিং ফেডারেশনের সাধারণ সম্পাদক এম এ কুদ্দুসকে তাদের নিজ নিজ পদে বহাল রাখা হয়েছে।
ক্রীড়া সংশ্লিষ্টদের মতে, নতুন অ্যাডহক কমিটিগুলোর সবচেয়ে বড় চ্যালেঞ্জ হবে নির্ধারিত সময়ের মধ্যে স্বচ্ছ ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজন করা এবং সংশ্লিষ্ট ফেডারেশনগুলোর নিয়মিত কার্যক্রমকে আরও গতিশীল করে তোলা।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available