• ঢাকা
  • |
  • শুক্রবার ৩০শে শ্রাবণ ১৪৩৩ বিকাল ০৪:১৩:৪০ (14-Aug-2026)
  • - ৩৩° সে:

জিম্বাবুয়েকে ৩৪ রানে হারিয়ে সিরিজের সমতায় ফিরল টাইগাররা

১৭ জুলাই ২০২৬ রাত ০৮:৩৭:৪৩

জিম্বাবুয়েকে ৩৪ রানে হারিয়ে সিরিজের সমতায় ফিরল টাইগাররা

স্পোর্টস ডেস্ক: দুই ওপেনারের দুর্দান্ত সূচনা, মাঝপথে আকস্মিক ব্যাটিং ধস, এরপর সাইফউদ্দিন-ইয়াসির আলীর ঝোড়ো জুটিতে লড়াকু সংগ্রহ। সেই পুঁজিকে দারুণ বোলিংয়ে রক্ষা করে জিম্বাবুয়েকে ৩৪ রানে হারিয়েছে বাংলাদেশ। তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচ জিতে ১-১ সমতা ফিরিয়েছে সফরকারীরা।

ব্যাটিংয়ে নেমে বাংলাদেশ শুরুতেই পেয়ে যায় শক্ত ভিত। দুই ওপেনারের ১২০ রানের উদ্বোধনী জুটি বড় সংগ্রহের ইঙ্গিত দিচ্ছিল। কিন্তু সেই অবস্থান থেকে হঠাৎই ছন্দ হারায় সফরকারীরা। মাত্র ১৩ বলের ব্যবধানে ৫ উইকেট হারিয়ে চাপে পড়ে বাংলাদেশ, যা ২০০ রানের সম্ভাবনাকেও ম্লান করে দেয়।

কঠিন সেই মুহূর্তে দলের হাল ধরেন ইয়াসির আলী ও মোহাম্মদ সাইফউদ্দিন। শেষ ১৯ বলে অবিচ্ছিন্ন ৪৫ রানের বিধ্বংসী জুটিতে বাংলাদেশের ইনিংসে নতুন গতি যোগ করেন তারা। ইয়াসির খেলেন কার্যকর ক্যামিও, আর শেষ ওভারে টানা চার বলে চারটি ছক্কা হাঁকিয়ে আলো কাড়েন সাইফউদ্দিন। তাদের ঝড়ো ব্যাটিংয়ে ৫ উইকেটে ১৮৬ রানের চ্যালেঞ্জিং সংগ্রহ পায় বাংলাদেশ।

১৮৭ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই চাপে পড়ে জিম্বাবুয়ে। ইনিংসের প্রথম তিন ওভারেই ৩ উইকেট হারিয়ে বসে স্বাগতিকরা। এরপর অধিনায়ক সিকান্দার রাজা ও মিল্টন সামুবার জুটি ম্যাচে ফেরার ইঙ্গিত দিলেও সেই প্রতিরোধ দীর্ঘস্থায়ী হয়নি।

মাঝের ওভারগুলোতে রিশাদ হোসেনের নিয়ন্ত্রিত লেগ স্পিনে আবারও ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের হাতে নেয় বাংলাদেশ। গুরুত্বপূর্ণ সময়ে একের পর এক উইকেট তুলে নিয়ে জিম্বাবুয়ের রান তাড়ার গতি থামিয়ে দেন তিনি। শেষদিকে রায়ান বার্ল ১৯ বলে ২৯ এবং ব্র্যাড ইভান্স ১৪ বলে ২৫ রান করে লড়াইয়ের চেষ্টা করলেও ব্যবধান আর কমানো সম্ভব হয়নি।

ইনিংসের দুই বল বাকি থাকতে ১৫২ রানে অলআউট হয়ে যায় জিম্বাবুয়ে। ৪ উইকেট শিকার করে বাংলাদেশের জয়ে সবচেয়ে বড় অবদান রাখেন রিশাদ, যদিও ম্যাচ সেরার পুরস্কার পেয়েছেন সাইফউদ্দিন। তবে স্বস্তির এই জয়ের মাঝেও দুশ্চিন্তার কারণ হয়ে এসেছে পেসার নাহিদ রানার চোট। ম্যাচ চলাকালে চোট পেয়ে মাঠ ছাড়ার পর আর খেলায় ফিরতে পারেননি তিনি।

প্রথম ম্যাচে হারের পর ঘুরে দাঁড়িয়ে সিরিজে সমতা ফেরানোয় শেষ ম্যাচটি এখন রূপ নিয়েছে অলিখিত ফাইনালে। আগামী রোববারের নির্ধারণী লড়াইয়ে সিরিজ জয়ের লক্ষ্যে মাঠে নামবে দুই দল।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


সারাদেশে হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু
সারাদেশে হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু
১৪ আগস্ট ২০২৬ বিকাল ০৩:৫২:১৮



দ্বিতীয় দিন শেষে বাংলাদেশের লিড ১৫৩ রান
দ্বিতীয় দিন শেষে বাংলাদেশের লিড ১৫৩ রান
১৪ আগস্ট ২০২৬ বিকাল ০৩:১৬:০৭


সাঘাটায় গৃহবধূর সঙ্গে সম্পর্ক, যুবক আটক
সাঘাটায় গৃহবধূর সঙ্গে সম্পর্ক, যুবক আটক
১৪ আগস্ট ২০২৬ দুপুর ০২:৫৮:১৪