স্পোর্টস ডেস্ক: বিশ্বকাপের শেষ ষোলোর গুরুত্বপূর্ণ ম্যাচে নরওয়ের মুখোমুখি হওয়ার আগে ব্রাজিল শিবিরে স্বস্তির খবর এসেছে। পুরোপুরি সুস্থ না হলেও অভিজ্ঞ ফরোয়ার্ড রাফিনিয়াকে দলে পাওয়ার সম্ভাবনা দেখছেন কোচ কার্লো আনচেলত্তি।
৪ জুলাই শনিবার ম্যাচ-পূর্ব সংবাদ সম্মেলনে ব্রাজিল কোচ জানান, প্রয়োজন হলে রাফিনিয়াকে কিছু সময়ের জন্য মাঠে নামানো হতে পারে। বার্সেলোনার এই ফরোয়ার্ড এখনও শতভাগ ফিট না হলেও তার শারীরিক অবস্থার উন্নতিতে সন্তুষ্ট কোচিং স্টাফ।
আনচেলত্তি বলেন, ‘রাফিনিয়া খুব ভালোভাবে সেরে উঠছে। যদিও সে এখনো শতভাগ ফিট নয়, তবু বেঞ্চে থাকার মতো অবস্থায় আছে। প্রয়োজনে কয়েক মিনিট খেলতে পারবে এবং নির্দিষ্ট কিছু সময়ে দলের কাজে লাগতে পারে। ও খুব দ্রুত সেরে উঠছে। এটা আমাদের জন্য সুখবর, কারণ রাফিনিয়া দলের খুব গুরুত্বপূর্ণ একজন খেলোয়াড়।’
চলতি বিশ্বকাপে গ্রুপ পর্বে হাইতির বিপক্ষে ম্যাচে হ্যামস্ট্রিংয়ের চোটে পড়েন রাফিনিয়া। ডান উরুর পেছনের পেশিতে সমস্যা দেখা দেওয়ায় প্রথমার্ধের ৩৮ মিনিটেই মাঠ ছাড়তে হয়েছিল তাকে। এরপর স্কটল্যান্ডের বিপক্ষে গ্রুপ পর্বের শেষ ম্যাচ এবং জাপানের বিপক্ষে রাউন্ড অব ৩২-এর ম্যাচেও তিনি খেলতে পারেননি।
তবে নরওয়ের বিপক্ষে ম্যাচের আগে অনুশীলনে আংশিকভাবে সতীর্থদের সঙ্গে কাজ করেছেন ২৯ বছর বয়সী এই ফরোয়ার্ড। পুনর্বাসন কার্যক্রমের অগ্রগতির ফলে বেঞ্চে থাকার সম্ভাবনা প্রায় নিশ্চিত বলেই মনে করা হচ্ছে।
আর্লিং হালান্ডের নরওয়ের বিপক্ষে কঠিন লড়াইয়ের আগে রাফিনিয়ার ফেরার সম্ভাবনা ব্রাজিলের জন্য বাড়তি শক্তি হিসেবে দেখছেন কোচ আনচেলত্তি। পুরো ম্যাচ খেলার মতো অবস্থায় না থাকলেও গুরুত্বপূর্ণ মুহূর্তে তার অভিজ্ঞতা ও আক্রমণভাগে প্রভাব ম্যাচের গতি পাল্টে দিতে পারে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available