• ঢাকা
  • |
  • বুধবার ১১ই ভাদ্র ১৪৩৩ বিকাল ০৩:৪৪:১১ (26-Aug-2026)
  • - ৩৩° সে:

দ্য হান্ড্রেডে খেলতে ছাড়পত্র পেয়েছেন মুস্তাফিজ

৫ জুলাই ২০২৬ দুপুর ০২:৫৭:১৫

দ্য হান্ড্রেডে খেলতে ছাড়পত্র পেয়েছেন মুস্তাফিজ

স্পোর্টস ডেস্ক: ইংল্যান্ডের ঘরোয়া ক্রিকেটে ১০ বছর আগেই অভিষেক হয়েছে মুস্তাফিজুর রহমানের। ২০১৬ সালে সাসেক্সের হয়ে টি-টোয়েন্টি ব্লাস্টে খেলেছেন বাংলাদেশের এই পেসার।

এবার দ্য হান্ড্রেডেও অভিষেক হতে যাচ্ছে মুস্তাফিজের। ১০০ বলের এই টুর্নামেন্টের পুরো মৌসুম খেলতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) অনাপত্তিপত্র পেয়েছেন তিনি।

ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ক্রিকবাজকে বিসিবির এক কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘হ্যাঁ, আমরা ওকে ২০ জুলাই থেকে ২০ আগস্ট পর্যন্ত অনাপত্তিপত্র দিয়েছি।’ ফলে ২১ জুলাই শুরু হতে চলা দ্য হান্ড্রেডের ষষ্ঠ আসরে মুস্তাফিজের খেলতে কোনো বাধা নেই।

দ্য হান্ড্রেডের এবারের ড্রাফটে ১ লাখ পাউন্ড ভিত্তিমূল্যে মুস্তাফিজকে দলে ভেড়ায় বার্মিংহাম ফিনিক্স। এর মাধ্যমে তিনিই হতে যাচ্ছেন এই টুর্নামেন্টে খেলা প্রথম বাংলাদেশি ক্রিকেটার।

বর্তমানে বাংলাদেশ দলের সঙ্গে জিম্বাবুয়ে সফরে আছেন মুস্তাফিজ। ১৯ জুলাই বুলাওয়েতে টি-টোয়েন্টি সিরিজ শেষে সেখান থেকেই ইংল্যান্ডে যাবেন ‘কাটার মাস্টার’।

বিসিবির ওই কর্মকর্তা আরো জানিয়েছেন, ব্যাটার পারভেজ হোসেন ইমনকে গ্লোবাল সুপার লিগ (জিএসএল) খেলতে ছাড়পত্র দেওয়া হয়েছে। জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশের টি-টোয়েন্টি সিরিজ শেষে তিনি লাহোর কালান্দার্সের হয়ে জিএসএলে খেলবেন।

এদিকে হাসান মাহমুদ ইংলিশ কাউন্টি ক্লাব কেন্ট স্পিটফায়ার্সের হয়ে টি-টোয়েন্টি ব্লাস্টের গ্রুপ পর্বের শেষ তিনটি ম্যাচ খেলবেন। এর আগে কাউন্টি চ্যাম্পিয়নশিপে কেন্টের হয়ে ২ ম্যাচে ১২ উইকেট নিয়ে নজর কেড়েছেন বাংলাদেশের এই ডানহাতি পেসার।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

দেশে হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু
দেশে হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু
২৬ আগস্ট ২০২৬ বিকাল ০৩:৪৩:৫৫