স্পোর্টস ডেস্ক: ফুটবল বিশ্বকাপে নিজেদের অভিষেক ম্যাচেই শক্তিশালী স্পেনকে রুখে দিয়ে ইতিহাস গড়েছে আফ্রিকার দেশ কেপ ভার্দে। ম্যাচের ফলাফলের বাইরে এই অর্জনে উঠে এসেছে বাংলাদেশের গার্মেন্টস শিল্পের নামও।
স্পেনের বিপক্ষে ম্যাচে কেপ ভার্দে জাতীয় দলের খেলোয়াড়রা যে জার্সি পরে মাঠে নেমেছিলেন, তা সম্পূর্ণভাবে তৈরি হয়েছে বাংলাদেশে। জার্সির গায়ে ছিল স্পষ্টভাবে ‘মেড ইন বাংলাদেশ’ লেবেল।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, জার্সির মূল ফেব্রিক্স তৈরি করেছে ঢাকার ইয়াংওয়ান কর্পোরেশন বাংলাদেশের কারখানা। পরে সেই ফেব্রিক্স ব্যবহার করে চূড়ান্ত জার্সি তৈরি করেছে জার্মান স্পোর্টসওয়্যার ব্র্যান্ড কাপেলি স্পোর্টস।
ঢাকার উত্তরা এলাকায় অবস্থিত তাদের উৎপাদন ও অ্যাসেম্বলি ফ্যাসিলিটিতে এসব জার্সি তৈরি হয় বলে জানা গেছে। গার্মেন্টস ম্যানুফ্যাকচারিং অ্যান্ড অ্যাসেম্বলিং লিমিটেডের ম্যানেজার সৌমিক বর্মণ জানান, কেপ ভার্দে জাতীয় দলের জার্সি বাংলাদেশে তৈরি এবং তাতে ‘মেড ইন বাংলাদেশ’ ট্যাগ রয়েছে।
অন্যদিকে ইয়াংওয়ান কর্পোরেশন বাংলাদেশের এক কর্মকর্তা জানান, কাপেলি স্পোর্টস মূলত জার্সির ডিজাইন ও উৎপাদন করেছে, আর তারা উন্নতমানের ফেব্রিক্স সরবরাহ করেছে, যার ওপর ভিত্তি করেই তৈরি হয়েছে এই ম্যাচের জার্সি।
২০১৯ সাল থেকে কাপেলি স্পোর্টস বাংলাদেশে উৎপাদন কার্যক্রম পরিচালনা করছে বলে সংশ্লিষ্টরা জানান।
মাঠের লড়াইয়েও স্পেনের বিপক্ষে দারুণ প্রতিরোধ গড়ে ইতিহাস গড়েছে কেপ ভার্দে। পুরো ম্যাচে স্পেন বল দখলে এগিয়ে থাকলেও একাধিক আক্রমণ আটকে দেন দলের ৪০ বছর বয়সী গোলরক্ষক ও অধিনায়ক ভোজিনহা।
তিনি ম্যাচজুড়ে মোট ৭টি গুরুত্বপূর্ণ সেভ করেন। এর মধ্যে মিকেল ওয়ারজাবালের হেড, ফেরান তোরেস ও এমেরিক লাপোর্তের নিশ্চিত গোলের শট রুখে দিয়ে ম্যাচের মোড় ঘুরিয়ে দেন তিনি।
এই পারফরম্যান্সের মাধ্যমে ভোজিনহা ইতিহাসের অন্যতম বয়োজ্যেষ্ঠ বিশ্বকাপ অভিষিক্ত খেলোয়াড়দের তালিকায় দ্বিতীয় স্থানে জায়গা করে নিয়েছেন। এর আগে ৪৫ বছর বয়সে অভিষেক করে শীর্ষে আছেন মিশরের কিংবদন্তি গোলরক্ষক এসসাম এল-হাদারি।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available