• ঢাকা
  • |
  • মঙ্গলবার ২রা আষাঢ় ১৪৩৩ সন্ধ্যা ০৭:৪৫:৩৬ (16-Jun-2026)
  • - ৩৩° সে:

গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রীর শোক

পিরোজপুরে বিএনপি নেতা ওয়াহিদুজ্জামান ওয়াহিদের জানাজা সম্পন্ন

১৬ জুন ২০২৬ সন্ধ্যা ০৬:৩৩:১০

পিরোজপুরে বিএনপি নেতা ওয়াহিদুজ্জামান ওয়াহিদের জানাজা সম্পন্ন

পিরোজপুর প্রতিনিধি : পিরোজপুরের নেছারাবাদে বিএনপি নেতা ও সাবেক উপজেলা চেয়ারম্যান ওয়াহিদুজ্জামান ওয়াহিদের জানাজায় জনতার ঢল।
পিরোজপুরের নেছারাবাদ (স্বরূপকাঠি) উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক, সাবেক উপজেলা চেয়ারম্যান ও বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্ব ওয়াহিদুজ্জামান ওয়াহিদের মৃত্যুতে গভীর শোক ও মর্মবেদনা প্রকাশ করেছেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ও পিরোজপুর-২ আসনের সংসদ সদস্য আহমেদ সোহেল মনজুর সুমন।

তিনি বলেন, “ওয়াহিদুজ্জামান ওয়াহিদের মৃত্যু শুধু তার পরিবারের জন্য নয়, নেছারাবাদ তথা পিরোজপুরের রাজনৈতিক অঙ্গনের জন্য এক অপূরণীয় ক্ষতি। আমি শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাই এবং মহান আল্লাহর কাছে মরহুমের রুহের মাগফেরাত কামনা করি।”

গত ১৪ জুন শনিবার সন্ধ্যা আনুমানিক ৬টা ৩০ মিনিটে ভারতের দিল্লির একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওয়াহিদুজ্জামান ওয়াহিদ ইন্তেকাল করেন। মৃত্যুকালে তিনি অসংখ্য রাজনৈতিক সহযোদ্ধা, শুভাকাঙ্ক্ষী ও গুণগ্রাহী রেখে গেছেন। সোমবার ভোররাতে তার মরদেহ নিজ বাসভবনে পৌঁছালে এলাকাজুড়ে শোকের ছায়া নেমে আসে।

সকাল ১১টায় নেছারাবাদের ফজিলাতুননেছা রহমান ডিগ্রি কলেজ মাঠে তার জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় হাজার হাজার রাজনৈতিক নেতা-কর্মী, ব্যবসায়ী, সুশীল সমাজের প্রতিনিধি, শ্রমজীবী মানুষ এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। পুরো এলাকা পরিণত হয় এক শোকাবহ পরিবেশে।
জানাজায় উপস্থিত পিরোজপুর-৩ আসনের সংসদ সদস্য রুহুল আমিন দুলাল বলেন, “ওয়াহিদুজ্জামান ওয়াহিদ ছিলেন তৃণমূল রাজনীতির এক নিবেদিতপ্রাণ সংগঠক। দলের দুঃসময়ে তিনি কর্মীদের পাশে থেকেছেন এবং গণতান্ত্রিক আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। তার শূন্যতা সহজে পূরণ হওয়ার নয়।”

পিরোজপুর জেলা পরিষদের চেয়ারম্যান ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য অধ্যক্ষ আলমগীর হোসেন বলেন, “১৯৮০-এর দশক থেকে ওয়াহিদুজ্জামান ওয়াহিদের সঙ্গে আমার দীর্ঘ রাজনৈতিক পথচলা। তিনি ছিলেন আদর্শ, ত্যাগ ও সংগ্রামের প্রতীক। রাজনৈতিক প্রতিহিংসা ও প্রতিকূলতার সময়েও তিনি কখনো নীতির প্রশ্নে আপোশ করেননি। বিগত সময়ে নানা রাজনৈতিক চাপ ও নির্যাতনের মধ্যেও তিনি দলের প্রতি অবিচল থেকেছেন। তার মতো একজন পরীক্ষিত সহযোদ্ধার মৃত্যু আমাদের জন্য গভীর বেদনার।”

পিরোজপুর জেলা বিএনপির আহ্বায়ক নজরুল ইসলাম খান বলেন, “মরহুম ওয়াহিদুজ্জামান ওয়াহিদ ছিলেন দলের একজন বিশ্বস্ত, সৎ ও নিবেদিতপ্রাণ নেতা। সংগঠনকে শক্তিশালী করতে তার অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে। আমরা একজন অভিভাবকসুলভ নেতাকে হারালাম।”
এ সময় জেলা বিএনপির সদস্য সচিব সাইদুল ইসলাম কিসমত, বিএনপি নেতা অয়িদুজ্জামান লাভলু, ফখরুল আলম, স্বরূপকাঠির সাবেক পৌর মেয়র ও পৌর বিএনপির সভাপতি শফিকুল ইসলাম ফরিদ, পৌর বিএনপির সভাপতি কাজী কামালসহ দলটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা মরহুমের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

স্থানীয় নেতাকর্মীরা বলেন, “ওয়াহিদুজ্জামান ওয়াহিদ ছিলেন সাধারণ মানুষের নেতা। সুখে-দুঃখে মানুষের পাশে দাঁড়ানো ছিল তার রাজনৈতিক দর্শন। তার মৃত্যুতে নেছারাবাদ একটি সাহসী ও জনদরদি নেতৃত্ব হারালো।”

জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। তার মৃত্যুতে পিরোজপুরসহ সমগ্র দক্ষিণাঞ্চলের রাজনৈতিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। মরহুমের আত্মার মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন শোকবার্তা প্রদান করেছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ











Follow Us