স্পোর্টস ডেস্ক: বাংলাদেশ সফরে দারুণ সাফল্য পেয়েছে শ্রীলঙ্কা নারী ক্রিকেট দল। ওয়ানডে সিরিজ জয়ের পর টি-টোয়েন্টিতেও আধিপত্য দেখিয়ে শেষ ম্যাচে জয় তুলে নিয়ে স্বাগতিক বাংলাদেশ নারী ক্রিকেট দলকে হোয়াইটওয়াশ করেছে তারা।
২ মে শনিবার অনুষ্ঠিত বৃষ্টিবিঘ্নিত ৯ ওভারের ম্যাচে ৩ রানের ব্যবধানে হারে বাংলাদেশ।


শুরুতেই বোলিংয়ে চাপে পড়ে স্বাগতিকরা। ইনিংসের তৃতীয় ওভারে মারুফা আক্তারকে টানা চারটি চার মারেন ইমেশা দুলানি। তার আগের ওভারে ফারিহা তৃষ্ণাও দেন ১৬ রান। ফলে প্রথম ৩ ওভারে কোনো উইকেট ছাড়াই ৪০ রান তুলে নেয় শ্রীলঙ্কা।
চতুর্থ ওভারে সুলতানা খাতুন ৪৩ রানের উদ্বোধনী জুটি ভাঙেন। এরপর দ্রুত তিন উইকেট তুলে নিয়ে ম্যাচে ফেরে বাংলাদেশ। তবে ৫৩ রানে ৪ উইকেট হারানোর পর পাল্টা আক্রমণে যান চামারি আতাপাত্তু ও কাভিশা দিলহারি।

শেষ তিন ওভারে ৩৪ রান যোগ করেন এই জুটি। দিলহারি ৭ বলে ১৫ এবং আতাপাত্তু ২৭ বলে ৪১ রান করেন। নির্ধারিত ৯ ওভারে ৬ উইকেটে ৮৭ রান তোলে শ্রীলঙ্কা। বাংলাদেশের হয়ে সুলতানা খাতুন নেন ৩ উইকেট।
জবাবে ব্যাট করতে নেমে শুরুটা ভালোই করে বাংলাদেশ। দিলারা আক্তার প্রথম ওভারেই ১২ রান তুললেও দ্রুত আউট হন। এরপর ধীরে ধীরে রান তুলতে থাকে দলটি।
কিন্তু শেষের আগের ওভারে দুই উইকেট হারিয়ে চাপে পড়ে যায় বাংলাদেশ। শেষ ওভারে জয়ের জন্য দরকার ছিল ১৪ রান। প্রথম বলেই আউট হন অধিনায়ক নিগার সুলতানা। পরে সুলতানা খাতুন চেষ্টা করলেও শেষ পর্যন্ত ব্যবধান ঘোচাতে পারেননি।
নির্ধারিত ৯ ওভারে ৬ উইকেটে ৮৪ রানে থামে বাংলাদেশ। দলের হয়ে সর্বোচ্চ ২১ রান করেন সোবহানা মোস্তারি। এছাড়া জুয়াইরিয়া ফেরদৌস করেন ১৫ এবং নিগার সুলতানা করেন ১৩ রান।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available