• ঢাকা
  • |
  • শনিবার ১৪ই অগ্রহায়ণ ১৪৩৩ সন্ধ্যা ০৭:৪২:৪৬ (28-Nov-2026)
  • - ৩৩° সে:

জাতীয় দল থেকে বিদায় নিচ্ছেন মুশফিকুর রহিম

২৮ নভেম্বর ২০২৬ সন্ধ্যা ০৬:৫১:২৬

জাতীয় দল থেকে বিদায় নিচ্ছেন মুশফিকুর রহিম

স্পোর্টস ডেস্ক: বাংলাদেশের অভিজ্ঞ ক্রিকেটার মুশফিকুর রহিম আন্তর্জাতিক ক্রিকেটে নিজের ভবিষ্যৎ নিয়ে বড় সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন । ঘরের মাঠে আগামী ফেব্রুয়ারিতে ইংল্যান্ড সিরিজ দিয়ে টেস্ট ক্রিকেট থেকে অবসরের সিদ্ধান্ত নিয়েছেন তিনি। ওয়ানডে ও টি-টোয়েন্টি আগেই ছেড়ে দেওয়ায় ইংল্যান্ড সিরিজের মধ্য দিয়েই জাতীয় দলকে বিদায় বলবেন ৩৯ বছর বয়সী এই উইকেটকিপার ব্যাটার।

২৮ নভেম্বর শনিবার দুপুরে মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বসেছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পর্ষদের পঞ্চম সভা। সভা শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে মুশফিকের অবসরের খবর জানান বিসিবি সভাপতি ও তার বন্ধু তামিম ইকবাল।

আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের চলতি চক্রে বাংলাদেশের শেষ সিরিজ ইংল্যান্ডের বিপক্ষে। সেই কারণেই বিদায়ের মঞ্চ হিসেবে এই সিরিজকে বেছে নিয়েছেন মুশফিক। ২০০৫ সালের মে মাসে লর্ডসে ইংল্যান্ডের বিপক্ষেই টেস্ট অভিষেক হয়েছিল তার। প্রায় ২২ বছর পর ২০২৭ সালের জানুয়ারিতে একই প্রতিপক্ষের বিপক্ষে পর্দা নামবে তার দীর্ঘ টেস্ট ক্যারিয়ারের। আগামী বছরের মে মাসে লর্ডসে একটি টেস্ট খেলবে বাংলাদেশ, তবে সেই পর্যন্ত অপেক্ষা না করে টেস্ট চ্যাম্পিয়নশিপের বর্তমান চক্র শেষ করেই থামছেন ৩৯ বছর বয়সী এই ক্রিকেটার।

আরও পড়ুন

৩৮ বছর বয়সেই মারা গেলেন রেসলার তারকা ব্রনসন রিড

২১ বছর ১৭৭ দিনের টেস্ট ক্যারিয়ারে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ম্যাচ ও সর্বোচ্চ রানের মালিক মুশফিক। ১০৮ টেস্টের ১৯৯ ইনিংসে ৩৮.৮০ গড়ে তার সংগ্রহ ৭ হাজার ৬২ রান। চলতি মাসের শুরুতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিলেট টেস্টে দেশের প্রথম ব্যাটার হিসেবে ৭ হাজার রানের মাইলফলক স্পর্শ করেন তিনি।

ক্যারিয়ারের প্রথম পাঁচ বছরে ১৬ টেস্ট খেলে কোনো সেঞ্চুরি পাননি মুশফিক। পরবর্তীতে নিজেকে দলের অন্যতম ভরসা হিসেবে গড়ে তুলে ১৪টি শতক করেছেন, যা টেস্টে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ। ২০১৩ সালে শ্রীলঙ্কার বিপক্ষে গল টেস্টে দেশের প্রথম ব্যাটার হিসেবে ডাবল সেঞ্চুরির স্বাদ পান তিনি। এরপর আরও দুবার দ্বিশতক করেন মুশফিক; বাংলাদেশের হয়ে একাধিক ডাবল সেঞ্চুরির কীর্তি আর কারও নেই। পাশাপাশি কিপার-ব্যাটার হিসেবে দুটি ডাবল সেঞ্চুরি করে বিশ্ব রেকর্ডও গড়েছেন তিনি।

গত বছরের নভেম্বরে আয়ারল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের প্রথম ও একমাত্র ব্যাটার হিসেবে একশ টেস্ট খেলেন মুশফিক। সেই ম্যাচে ১০৬ রানের ইনিংস খেলে শততম টেস্টে সেঞ্চুরি করার বিরল তালিকায় জায়গা করে নেন তিনি।

আরও পড়ুন

টিভিতে আজ যেসব খেলা দেখা যাবে (২৮ নভেম্বর, ২০২৬)

২০১১ থেকে ২০১৭ সাল পর্যন্ত ৩৪ টেস্টে বাংলাদেশকে নেতৃত্ব দিয়েছেন মুশফিক। তার অধীনে ৭টি টেস্টে জয় ও ৯টিতে ড্র করে দল। পরাজয়ের হার ৫২.৩৪ শতাংশ, যা একাধিক ম্যাচে বাংলাদেশের অধিনায়কত্ব করা ক্রিকেটারদের মধ্যে সর্বনিম্ন। ২০১৬ সালে তার নেতৃত্বেই ইংল্যান্ডের বিপক্ষে প্রথম ও একমাত্র টেস্ট জয় পায় বাংলাদেশ। পরের বছর ঘরের মাঠে অস্ট্রেলিয়াকেও হারায় দল, আর শ্রীলঙ্কার বিপক্ষে নিজেদের শততম টেস্টেও জয় আসে তার অধিনায়কত্বে।

লর্ডসে হাবিবুল বাশারের অধিনায়কত্বে আন্তর্জাতিক টেস্ট যাত্রা শুরু করা মুশফিক এরপর নিজ ব্যতীত আরও ৮ অধিনায়কের অধীনে খেলেছেন। সব ঠিক থাকলে নাজমুল হোসেন শান্তর নেতৃত্বেই শেষ হবে তার বর্ণাঢ্য টেস্ট ক্যারিয়ার।


এটিভি/ এইচকে

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

বেনাপোল সীমান্তে বিএনপির মশাল মিছিল
বেনাপোল সীমান্তে বিএনপির মশাল মিছিল
২৮ নভেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:৪২:০৮


পাবনায় বঙ্গবন্ধু পরিষদের সহ-সভাপতি আটক
পাবনায় বঙ্গবন্ধু পরিষদের সহ-সভাপতি আটক
২৮ নভেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:২৩:২১



ছুটির দিনেও খোলা থাকবে নির্বাচন অফিস
ছুটির দিনেও খোলা থাকবে নির্বাচন অফিস
২৮ নভেম্বর ২০২৬ সন্ধ্যা ০৬:৫৬:৩৭

জাতীয় দল থেকে বিদায় নিচ্ছেন মুশফিকুর রহিম
জাতীয় দল থেকে বিদায় নিচ্ছেন মুশফিকুর রহিম
২৮ নভেম্বর ২০২৬ সন্ধ্যা ০৬:৫১:২৬