ডেস্ক রিপোর্ট: হিন্দু সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব শ্রীশ্রী কালীপূজা বা শ্যামাপূজা আজ ৮ নভেম্বর রোববার উদ্যাপিত হচ্ছে। কার্তিক মাসের অমাবস্যা তিথিতে প্রতিবছর এই পূজা অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে দেশের বিভিন্ন মন্দির ও পূজামণ্ডপে নেওয়া হয়েছে নানা আয়োজন।
হিন্দু পুরাণ অনুযায়ী, কালী দেবী দুর্গারই একটি শক্তিরূপ। সংস্কৃত ‘কাল’ শব্দ থেকে কালী নামের উৎপত্তি। কালীপূজা মূলত শক্তির আরাধনা। জগতের সব অশুভ শক্তিকে পরাজিত করে শুভশক্তির বিজয় কামনায় দেবী কালীর পূজা করা হয়।
কালী দেবী ভক্তদের কাছে শ্যামা, আদ্য মা, তারা মা, চামুণ্ডী, ভদ্রকালী ও দেবী মহামায়াসহ বিভিন্ন নামে পরিচিত।
কালীপূজা উপলক্ষে হিন্দু সম্প্রদায়ের মানুষ সন্ধ্যায় বাড়িতে ও শ্মশানে প্রদীপ প্রজ্বালন করে প্রয়াত পিতা-মাতা ও আত্মীয়স্বজনকে স্মরণ করেন। এ আয়োজন দীপাবলি নামে পরিচিত।
দুর্গাপূজার মতো কালীপূজাতেও বাড়িতে কিংবা পূজামণ্ডপে মৃন্ময়ী প্রতিমা নির্মাণ করে পূজা করা হয়। এ ছাড়া মন্দির ও বাড়িতে প্রতিষ্ঠিত পাথর বা ধাতুর তৈরি প্রতিমাতেও দেবীর আরাধনা করা হয়। সাধারণত মধ্যরাতে তান্ত্রিক পদ্ধতিতে মন্ত্রোচ্চারণের মাধ্যমে পূজা অনুষ্ঠিত হয়।
তবে গৃহস্থ বাড়িতে সাধারণত অতান্ত্রিক ব্রাহ্মণ্য মতে আদ্যাশক্তি কালীরূপে দেবীর পূজা করা হয়। লোকবিশ্বাস অনুযায়ী, কালী শ্মশানের অধিষ্ঠাত্রী দেবী। এ কারণে দেশের বিভিন্ন অঞ্চলে ব্যাপক আয়োজনের মধ্য দিয়ে শ্মশানকালী পূজাও অনুষ্ঠিত হয়।
রাজধানীতে কালীপূজা উপলক্ষে ঢাকেশ্বরী জাতীয় মন্দির, রমনা কালীমন্দির, রামকৃষ্ণ মিশন ও মঠ, সিদ্ধেশ্বরী কালীমন্দির, সবুজবাগের শ্রীশ্রী বরদেশ্বরী কালীমাতা মন্দির, পুরান ঢাকার রাধাগোবিন্দ জিউ ঠাকুর মন্দির, পোস্তগোলা মহাশ্মশান, তাঁতীবাজার, শাঁখারীবাজার ও বাংলাবাজারসহ বিভিন্ন মন্দির ও পূজামণ্ডপে আয়োজন করা হয়েছে শ্যামাপূজার।
এটিভি/এসআইআর
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available