• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৩০শে আশ্বিন ১৪৩৩ সকাল ১১:৪৭:৫৭ (15-Oct-2026)
  • - ৩৩° সে:

আমির নির্বাচন নিয়ে বিরোধ, জামায়াতের দুই পক্ষের সংঘর্ষ

১৫ অক্টোবর ২০২৬ সকাল ১০:১৪:১৫

আমির নির্বাচন নিয়ে বিরোধ, জামায়াতের দুই পক্ষের সংঘর্ষ

ডেস্ক রিপোর্ট: কুমিল্লা মহানগর জামায়াতের আমির নির্বাচন ও কমিটি গঠনকে কেন্দ্র করে দলটির দুই পক্ষের মধ্যে উত্তেজনা ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় মহানগর জামায়াতের সেক্রেটারি মাহবুবুর রহমানের গাড়ি ভাঙচুর করা হয়। পাশাপাশি দলীয় কার্যালয়ের ছাদে ককটেল বিস্ফোরণের ঘটনাও ঘটেছে।

১৪ অক্টোবর বুধবার সন্ধ্যা ৭টার দিকে নগরীর মোগলটুলীতে মহানগর জামায়াতের দলীয় কার্যালয়ে এ ঘটনা ঘটে। খবর পেয়ে কোতোয়ালি মডেল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

দলীয় সূত্রে জানা গেছে, মহানগর জামায়াতের নতুন আমির নির্বাচন ও কমিটি গঠন নিয়ে কয়েক দিন ধরে শীর্ষ নেতাদের মধ্যে মতবিরোধ চলছিল। বুধবার সন্ধ্যায় দলীয় কার্যালয়ে এ বিষয়ে বৈঠক চলাকালে বিরোধ প্রকাশ্যে আসে। নতুন কমিটিতে বর্তমান সেক্রেটারি মাহবুবুর রহমান আমির হতে পারেন—এমন আলোচনা থেকে উত্তেজনার সৃষ্টি হয়। একপর্যায়ে তা বাগ্‌বিতণ্ডায় রূপ নেয়। পরে তাঁর গাড়ি ভাঙচুরের ঘটনা ঘটে।

এ ঘটনায় জামায়াতের সহসাধারণ সম্পাদক নাসির উদ্দিন, দাওয়াহ ও তথ্য সম্পাদক হোসেনসহ কয়েকজনের বিরুদ্ধে গাড়ি ভাঙচুর ও ককটেল বিস্ফোরণে জড়িত থাকার অভিযোগ উঠেছে। তবে অভিযোগের বিষয়ে তাদের বক্তব্য পাওয়া যায়নি। নাসির উদ্দিনের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি সাড়া দেননি।

এ বিষয়ে কুমিল্লা মহানগর জামায়াতের সহকারী সেক্রেটারি মোশাররফ হোসেন বলেন, ‘এটা আমাদের অভ্যন্তরীণ বিষয়। আমরা গণমাধ্যমে ব্রিফিং দেব। আমাদের মিটিং চলছে।’

মহানগর জামায়াতের আমির কাজী দ্বীন মোহাম্মদ ও সেক্রেটারি মাহবুবুর রহমানের বক্তব্য জানতে একাধিকবার ফোন করা হলেও তাঁদের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।

কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল আনোয়ার জানান, ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

সূত্র: চ্যানেল২৪

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ









টিভিতে আজকের খেলা (১৫ অক্টোবর)
টিভিতে আজকের খেলা (১৫ অক্টোবর)
১৫ অক্টোবর ২০২৬ সকাল ১০:১১:৩৫