ডেস্ক রিপোর্ট: প্রধানমন্ত্রী তারেক রহমান ও তার পরিবারের সদস্যদের নিয়ে অশালীন ভাষা ব্যবহারের ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী মুহাম্মদ রাশেদ খাঁন।
৪ সেপ্টেম্বর শুক্রবার সকাল ৮টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এ কথা বলেন।
রাশেদ খাঁন তার পোস্টে লেখেন, কয়েক মাস আগে জামায়াতে ইসলামীর আমির সংসদে দাঁড়িয়ে বলেছিলেন, কেউ যদি প্রধানমন্ত্রী ও তার পরিবারকে গালিগালাজ করেন, তাহলে আইন অনুযায়ী তার বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নেওয়া উচিত। ওই বক্তব্যের প্রসঙ্গ টেনে তিনি বলেন, পুলিশ হেফাজতে নেওয়া ছেলেটি প্রধানমন্ত্রীর মা-বাবাকে নিয়ে অশালীন ভাষায় গালিগালাজ করেছে। এর কোনো প্রতিকার না হলে সমাজে এটি ব্যাধির মতো ছড়িয়ে পড়বে এবং সামাজিক ও রাষ্ট্রীয় ভারসাম্য নষ্ট হবে।
তিনি আরও বলেন, এর প্রতিকার অবশ্যই আইন অনুযায়ী হওয়া উচিত। বিদ্যুৎ বিল নিয়ে কোনো গ্রাহকের সমস্যা হলে সংশ্লিষ্ট বিদ্যুৎ অফিসে যোগাযোগের সুযোগ রয়েছে বলেও উল্লেখ করেন তিনি। তবে কোনো যান্ত্রিক ত্রুটি বা বিলের অসামঞ্জস্যের জন্য প্রধানমন্ত্রীর মা-বাবাকে গালিগালাজ করা কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না বলে মন্তব্য করেন রাশেদ খাঁন।
পোস্টে তিনি আরও প্রশ্ন তোলেন, ওই তরুণকে পুলিশ হেফাজতে না নিলে জনতার মধ্যে বিশৃঙ্খলা ছড়িয়ে পড়ার আশঙ্কা ছিল কি না। একই সঙ্গে সামাজিক সম্প্রীতি বজায় রাখতে সাইবার অপরাধ বন্ধের প্রয়োজনীয়তার কথাও উল্লেখ করেন তিনি।
রাশেদ খাঁন তার পোস্টে অন্তর্বর্তীকালীন সরকারের বিভিন্ন সিদ্ধান্ত নিয়েও প্রশ্ন তোলেন। তিনি দাবি করেন, অন্তর্বর্তী সরকার নতুন এলএনজি টার্মিনাল নির্মাণের চুক্তি ও ৩৭টি সৌরবিদ্যুৎ নির্মাণ প্রকল্প বাতিল করেছে। এসব প্রকল্প বাস্তবায়িত হলে সংকট তৈরি হতো কি না—এমন প্রশ্নও তোলেন তিনি।
এ ছাড়া অন্তর্বর্তী সরকারের ১৮ মাসের বিভিন্ন কর্মকাণ্ডকে কেন্দ্র করে পরবর্তী নির্বাচিত সরকারকে রাজনৈতিকভাবে চাপে ফেলার মতো পরিস্থিতি তৈরি করা হয়েছে বলেও পোস্টে মন্তব্য করেন রাশেদ খাঁন।
তিনি লেখেন, এসব কর্মকাণ্ডের মাধ্যমে এমন একটি পরিস্থিতি তৈরি করা হয়েছে, যাতে মানুষ মনে করে শেখ হাসিনা ও ড. মুহাম্মদ ইউনূসের সময় দেশ ভালো ছিল।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available