ডেস্ক রিপোর্ট: সাবেক অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের (দুদক) অভিযোগ অনুসন্ধান নিয়ে জরুরি সংবাদ সম্মেলন করবে এনসিপি।
আজ ৯ সেপ্টেম্বর বুধবার বেলা সাড়ে ১১টায় জাতীয় প্রেস ক্লাবের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম মিলনায়তনে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। এতে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ে পদায়ন ও বদলিসংক্রান্ত অনিয়মের অভিযোগ নিয়ে বিস্তারিত বক্তব্য দেবেন আসিফ মাহমুদ।
এনসিপি জানিয়েছে, অভিযোগের প্রেক্ষাপট, সংশ্লিষ্ট প্রশাসনিক প্রক্রিয়া, সিদ্ধান্ত গ্রহণের ধারাবাহিকতা এবং এ বিষয়ে দুদকের মুখপাত্রের বক্তব্যের পরিপ্রেক্ষিতে বিভিন্ন তথ্য ও নথিপত্র উপস্থাপন করা হবে।
দলটির পক্ষ থেকে বলা হয়, আসিফ মাহমুদকে ঘিরে বিভিন্ন অভিযোগ ও বক্তব্যের মাধ্যমে যেসব তথ্য প্রচার করা হয়েছে, তার প্রকৃত তথ্য ও ঘটনাপ্রবাহ জনসম্মুখে তুলে ধরতেই এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে।
সংবাদ সম্মেলনে একটি প্রেজেন্টেশনের মাধ্যমে অভিযোগগুলোর বিভিন্ন দিক তুলে ধরবেন আসিফ মাহমুদ। পরে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নেরও উত্তর দেবেন তিনি।
এনসিপির মিডিয়া উপকমিটির সদস্য ইয়াসির আরাফাত এক বিজ্ঞপ্তিতে গণমাধ্যমকর্মী, রাজনৈতিক ব্যক্তি, সুশীল ও নাগরিক সমাজের প্রতিনিধি, অধিকারকর্মীসহ সংশ্লিষ্ট সবাইকে সংবাদ সম্মেলনে উপস্থিত থাকার আহ্বান জানিয়েছেন।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available