ডেস্ক রিপোর্ট: জাতীয়তাবাদী ছাত্রদলের নতুন কেন্দ্রীয় কমিটি বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের অনুমোদনের অপেক্ষায় রয়েছে। যেকোনো সময় নতুন কমিটি ঘোষণা হতে পারে বলে দলীয় একাধিক সূত্র জানিয়েছে।
নতুন কমিটি ঘোষণার মধ্য দিয়ে ছাত্রদলের বর্তমান সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির নেতৃত্বাধীন কমিটির মেয়াদ আনুষ্ঠানিকভাবে শেষ হতে পারে। তাদের নেতৃত্বাধীন কমিটি সাংগঠনিক ইউনিটের কমিটি গঠন ও পুনর্গঠনে ব্যাপক কার্যক্রম পরিচালনা করেছে।
১৩ আগস্ট বৃহস্পতিবার রাতে রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারম্যানের রাজনৈতিক কার্যালয়ে তারেক রহমানের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেন ছাত্রদলের শীর্ষ পাঁচ নেতা। বৈঠকে সাম্প্রতিক আন্দোলন-সংগ্রামে ছাত্রদলের ভূমিকা, সংগঠনের ভবিষ্যৎ কার্যক্রম এবং নতুন নেতৃত্বের হাতে দায়িত্ব হস্তান্তর নিয়ে আলোচনা হয় বলে দলীয় সূত্র জানিয়েছে।
নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক নেতা জানান, সাক্ষাৎকালে বৈষম্যবিরোধী ও সরকারবিরোধী আন্দোলনে ছাত্রদলের নেতাকর্মীদের ভূমিকার প্রশংসা করেন তারেক রহমান। একই সঙ্গে ভবিষ্যৎ রাজনীতিতে পেশাদারত্ব বজায় রাখা এবং সংগঠনে নতুন নেতৃত্বকে সুযোগ দেওয়ার ওপর গুরুত্ব দেন তিনি।
বৈঠকে ছাত্রদলের বিদায়ী নেতাদের উদ্দেশে তারেক রহমান তাদের ত্যাগ ও আন্দোলন-সংগ্রামের ভূমিকার প্রশংসা করেন। একই সঙ্গে সংগঠনের গতিশীলতা ধরে রাখতে নতুন প্রজন্মের হাতে দায়িত্ব হস্তান্তর এবং তাদের মূল দলের রাজনীতিতে যুক্ত হওয়ার বিষয়ে নির্দেশনা দেন বলে সূত্র জানিয়েছে।
২০২৪ সালের ১ মার্চ ছাত্রদলের কেন্দ্রীয় আংশিক কমিটির দায়িত্ব পান সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির। একই সময়ে আবু আফসান মো. ইয়াহিয়া সিনিয়র সহসভাপতি, শ্যামল মালুম সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক এবং আমান উল্লাহ আমান সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পান।
এরপর ২০২৪ সালের ১৫ জুন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে ২৬০ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়।
ছাত্রদলের খসড়া গঠনতন্ত্র অনুযায়ী, কেন্দ্রীয় সংসদের মেয়াদ দুই বছর। সে হিসাবে গত ২৮ ফেব্রুয়ারি বর্তমান কমিটির মেয়াদ শেষ হয়েছে। এরপর থেকেই নতুন কমিটির শীর্ষ পদে আসতে আগ্রহী নেতারা বিভিন্ন পর্যায়ে যোগাযোগ ও তৎপরতা চালিয়ে আসছেন।
দলীয় সূত্র জানায়, নতুন কমিটিতে নিয়মিত শিক্ষার্থীদের পাশাপাশি নারী নেতৃত্বকে গুরুত্ব দেওয়ার বিষয়টি আলোচনায় রয়েছে। ছাত্রদলকে শিক্ষার্থীদের কার্যকর সংগঠন হিসেবে আরও শক্তিশালী করার ওপরও জোর দেওয়া হচ্ছে।
সম্ভাব্য পদপ্রত্যাশীরা মনে করেন, দীর্ঘদিনের সাংগঠনিক জড়তা কাটিয়ে ছাত্রদলকে আরও সক্রিয় ও গতিশীল করা প্রয়োজন। একই সঙ্গে আন্দোলন-সংগ্রামে পরীক্ষিত ও ত্যাগী নেতাদের বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনে মূল্যায়নের বিষয়েও গুরুত্ব দেওয়া উচিত।
বিএনপির চেয়ারম্যানের সঙ্গে সাক্ষাতে ছাত্রদলের বিদায়ী নেতারা কেন্দ্রের সিদ্ধান্তের প্রতি পূর্ণ আনুগত্য প্রকাশ করেছেন বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। দল ভবিষ্যতে যে দায়িত্ব দেবে, তা যথাযথভাবে পালনের প্রতিশ্রুতিও দেন তারা।
এদিকে নতুন কমিটিতে সম্ভাব্য পদপ্রত্যাশীরা মনে করছেন, ছাত্রদলের নতুন কেন্দ্রীয় কমিটি গঠনের প্রক্রিয়া চূড়ান্ত পর্যায়ে রয়েছে। যেকোনো সময় কমিটি ঘোষণা হতে পারে বলে তাদের ধারণা।
ছাত্রদলের নতুন কেন্দ্রীয় কমিটির শীর্ষ পদে কয়েকজন নেতার নাম আলোচনায় রয়েছে। তাদের মধ্যে রয়েছেন—কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহসভাপতি আবু আফসান মোহাম্মদ ইয়াহইয়া, সহসভাপতি ইজ্জাজুল কবির রুয়েল, ডা. তৌহিদুর রহমান আউয়াল, সাংগঠনিক সম্পাদক আমান উল্লাহ আমান, প্রথম যুগ্ম সম্পাদক মমিনুল ইসলাম জিসান, প্রচার সম্পাদক শরীফ প্রধান শুভ, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস, যুগ্ম সাধারণ সম্পাদক মো. মোস্তাফিজুর রহমান এবং ঢাকা কলেজ ছাত্রদলের সদ্য সাবেক সাংগঠনিক সম্পাদক বোরহান উদ্দিন ইশরাক।
নতুন কমিটি ঘোষণা হলে রাকিবুল ইসলাম রাকিব ও নাছির উদ্দীন নাছির নেতৃত্বাধীন বর্তমান কমিটির আনুষ্ঠানিক অধ্যায় শেষ হবে। একই সঙ্গে ছাত্রদলের কেন্দ্রীয় নেতৃত্বে নতুন প্রজন্মের হাতে দায়িত্ব হস্তান্তরের প্রক্রিয়াও শুরু হবে।
সূত্র: জাগো নিউজ
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available