• ঢাকা
  • |
  • মঙ্গলবার ১৬ই আষাঢ় ১৪৩৩ বিকাল ০৩:২২:১১ (30-Jun-2026)
  • - ৩৩° সে:

হলমার্ক-বেসিক ব্যাংকের কেলেঙ্কারিতে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা চান আখতার

৩০ জুন ২০২৬ দুপুর ০২:১১:২৯

হলমার্ক-বেসিক ব্যাংকের কেলেঙ্কারিতে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা চান আখতার

অনলাইন ডেস্ক: বাংলাদেশ ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের মধ্যে বিদ্যমান প্রশাসনিক দ্বৈততা দূর করে সমন্বিত কার্যক্রম নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন রংপুর-৪ আসনের সংসদ সদস্য আখতার হোসেন। একই সঙ্গে হলমার্ক, জনতা ব্যাংক ও বেসিক ব্যাংকের ঋণ কেলেঙ্কারিতে আর্থিক প্রতিষ্ঠান বিভাগের কোনো কর্মকর্তা জড়িত থাকলে তাদের বিরুদ্ধে কঠোর প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তিনি।

৩০ জুন মঙ্গলবার জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের বাজেটের ১০ নম্বর দাবির ওপর ছাঁটাই প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে এসব কথা বলেন আখতার হোসেন।

তিনি বলেন, ‘আর্থিক প্রতিষ্ঠান বিভাগের কিছু দুর্বলতা ও প্রশাসনিক ঘাটতি এখন স্পষ্ট হয়ে উঠেছে। বাংলাদেশ ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের মধ্যে দীর্ঘদিনের প্রশাসনিক দ্বৈততা ব্যাংকিং খাতে সুশাসন প্রতিষ্ঠার পথে বাধা হয়ে রয়েছে।’

অতীতে হলমার্ক, জনতা ব্যাংক ও বেসিক ব্যাংকের ঋণ কেলেঙ্কারির প্রসঙ্গ তুলে তিনি বলেন, ‘এসব ঘটনা বিভাগের দুর্বলতা কিংবা সংশ্লিষ্টদের সম্পৃক্ততার কারণেই ঘটেছে।’ এ ধরনের ঘটনায় আর্থিক প্রতিষ্ঠান বিভাগের কোনো কর্মকর্তা জড়িত থাকলে তাদের বিরুদ্ধে অভ্যন্তরীণভাবে কঠোর প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার জন্য অর্থমন্ত্রীর প্রতি আহ্বান জানান তিনি।

ঋণ পুনঃতফসিলের বিষয়ে উদ্বেগ প্রকাশ করে আখতার হোসেন বলেন, ‘অনেক ক্ষেত্রে ঋণ পুনঃতফসিলের ফলে খেলাপি ঋণের প্রকৃত চিত্র আড়াল হওয়ার আশঙ্কা তৈরি হয়, যা দেশের ব্যাংকিং খাতের জন্য উদ্বেগজনক।’

তিনি অর্থমন্ত্রীর কাছে জানতে চান, ঋণ পুনঃতফসিলের ক্ষেত্রে কীভাবে কার্যকর তদারকি নিশ্চিত করা হবে। পাশাপাশি বাংলাদেশ ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের মধ্যে বিদ্যমান প্রশাসনিক জটিলতা নিরসনে সরকার কার্যকর উদ্যোগ নেবে বলেও আশা প্রকাশ করেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ











Follow Us