নিজস্ব প্রতিবেদক: গণভোটের রায় কার্যকর ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে সংসদের পাশাপাশি রাজপথেও জোরালো আন্দোলনে নেমেছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্য। দাবি আদায় না হলে ধাপে ধাপে কঠোর কর্মসূচিতে যাওয়ার ইঙ্গিত দিয়েছে জোটটি।
জোটের নেতারা জানান, ইতোমধ্যে গণমিছিল, সেমিনার, লিফলেট বিতরণ ও দেয়াল লিখন কর্মসূচি শেষ করে বিভাগীয় শহরগুলোতে সমাবেশ করা হয়েছে। এবার রাজধানীতে বড় মহাসমাবেশের প্রস্তুতি নেওয়া হচ্ছে।


নতুন কর্মসূচি অনুযায়ী, আগামী ২৫ এপ্রিল বিভাগীয় শহরগুলোতে এবং ২ মে জেলা শহরগুলোতে গণমিছিল অনুষ্ঠিত হবে। একই সময়ে বিভিন্ন বিভাগীয় ও গুরুত্বপূর্ণ জেলায় সেমিনার এবং লিফলেট বিতরণ চলবে।

এদিকে ঢাকায় পরপর দুই দিন বড় সমাবেশ আয়োজনের পরিকল্পনা করছে জামায়াতে ইসলামী ও বাংলাদেশ খেলাফত মজলিস। এর মধ্যে ২৫ এপ্রিল রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে জাতীয় সমাবেশ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
১১ দলীয় জোটের সমন্বয়ক ড. এ এইচ এম হামিদুর রহমান আযাদ বলেন, গত ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচনের পাশাপাশি অনুষ্ঠিত গণভোটে প্রায় ৭০ শতাংশ মানুষ জুলাই সনদের পক্ষে মত দিয়েছেন। তবে সংবিধান সংস্কার পরিষদ গঠনের প্রক্রিয়া এখনও থমকে আছে।
জোটের অভিযোগ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ক্ষমতায় এসে সনদের প্রতিশ্রুতি বাস্তবায়নে গড়িমসি করছে, যা রাজনৈতিক ও সাংবিধানিক সংকট তৈরি করছে। যদিও বিএনপির পক্ষ থেকে বলা হচ্ছে, তারা সনদের অধিকাংশ বিষয় বাস্তবায়নের পথে রয়েছে এবং কিছু বিষয়ে সময় প্রয়োজন।
জোটের নেতারা জানান, সংসদে আলোচনার পাশাপাশি রাজপথে কর্মসূচির মাধ্যমে সরকারকে রাজনৈতিকভাবে চাপ সৃষ্টি করাই তাদের মূল লক্ষ্য। দাবি পূরণ না হলে পর্যায়ক্রমে হরতাল-অবরোধের মতো কঠোর কর্মসূচিও দেওয়া হতে পারে।
এদিকে একই দাবিতে ইতোমধ্যে রাজধানীতে গণমিছিল হয়েছে এবং আজ সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করছে বাংলাদেশ খেলাফত মজলিস। দলটির আমির মাওলানা মামুনুল হক বলেন, গণভোটে জনগণের দেওয়া রায় বাস্তবায়ন করা সরকারের দায়িত্ব।
জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেন, গণভোটের রায় বাস্তবায়ন, জ্বালানি সংকট নিরসন ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধসহ জনজীবনের নানা সমস্যা সমাধানের দাবিতেই এই আন্দোলন।
সংশ্লিষ্টরা মনে করছেন, আগামী দিনের কর্মসূচি এবং ঢাকার মহাসমাবেশ ঘিরে দেশের রাজনৈতিক পরিস্থিতি আরও উত্তপ্ত হতে পারে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available