ডেস্ক রিপোর্ট: খুলনায় ১১ দলীয় জোটের লংমার্চ কর্মসূচি শেষ করে সাতক্ষীরায় ফেরার পথে তালা উপজেলার কুমিরা বটতলা এলাকায় সড়ক দুর্ঘটনায় এক পথচারী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ৫০ জন। নিহতের নাম আব্দুল খালেক (৭০)। তিনি তালা উপজেলার খলিষখালী ইউনিয়নের কাশিয়াডাঙ্গা গ্রামের বাসিন্দা।
৩১ অক্টোবর শনিবার রাত সাড়ে ৮টার দিকে খুলনা-সাতক্ষীরা মহাসড়কের তালা উপজেলার কুমিরা বটতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, লংমার্চ শেষে সাতক্ষীরাগামী বাসটি (বাস নম্বর: সিলেট-জ ১১-০৬৯০) কুমিরা বটতলা এলাকা অতিক্রম করার সময় হঠাৎ এক পথচারী সড়কের সামনে চলে আসেন। তাকে বাঁচানোর চেষ্টা করতে গিয়ে চালক বাসটির নিয়ন্ত্রণ হারান। পরে বাসটি সড়কের পাশের পুকুরে পড়ে যায়।
এ সময় বাসচাপায় পথচারী আব্দুল খালেক ঘটনাস্থলেই নিহত হন। দুর্ঘটনার পর বাসে থাকা জামায়াতে ইসলামীর নেতাকর্মী ও সমর্থকেরা ভেতরে আটকা পড়েন। আহতদের অধিকাংশের বাড়ি সাতক্ষীরা সদর উপজেলার ঘোনা এলাকায় বলে জানা গেছে।
খবর পেয়ে ফায়ার সার্ভিস, পুলিশ ও স্থানীয়রা দ্রুত উদ্ধারকাজ শুরু করেন। আহতদের উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতাল, মেডিকেল কলেজ হাসপাতালসহ বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়।
এদিকে দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হন সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মো. ইজ্জত উল্লাহ, সাতক্ষীরা-২ (সদর) আসনের সংসদ সদস্য মুহাদ্দিস আব্দুল খালেক এবং সাতক্ষীরা জেলা জামায়াতের আমির অধ্যক্ষ শহিদুল ইসলাম মকুলসহ জেলা ও স্থানীয় জামায়াতের শীর্ষ নেতারা। তারা উদ্ধারকাজের সার্বিক তদারকি করেন এবং আহতদের চিকিৎসার খোঁজখবর নেন।
সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য মুহাদ্দিস আব্দুল খালেক জানান, ‘বাসটিতে ১১ দলীয় লংমার্চে অংশগ্রহণকারী আনুমানিক ৫০ থেকে ৬২ জন যাত্রী ছিলেন। এর মধ্যে আহতদের দ্রুত হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করা হয়েছে। তবে বাসের নিচে আর কেউ চাপা পড়ে আছে কিনা, তা বাসটি পুকুর থেকে উদ্ধার করার পর নিশ্চিত হওয়া যাবে। বর্তমানে দুর্ঘটনা কবলিত পরিবহনটি উদ্ধারে কাজ চলছে। আহতদের চিকিৎসা নিশ্চিত করতে জেলা ও স্থানীয় জামায়াতের নেতৃবৃন্দের পক্ষ থেকে সার্বিক সহযোগিতা প্রদান করা হচ্ছে।’
পাটকেলঘাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) তোফাজ্জল হোসেন পথচারীর নিহতের বিষয়টি নিশ্চিত করে বলেন, ফায়ার সার্ভিস ও পুলিশ দুর্ঘটনাকবলিত পরিবহনটি উদ্ধারে কাজ করছে। উদ্ধার অভিযান শেষ না হলে হতাহতের বিষয়টি পুরোপুরি জানা যাবে না।
এটিভি/এসআইআর
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available