অনলাইন ডেস্ক: বিয়ের প্রলোভন দেখিয়ে এক কলেজছাত্রীকে ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলায় আফতাব মজুমদার জয় নামের জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চট্টগ্রাম মহানগরের এক নেতাকে গ্রেফতার করেছে র্যাব।
২২ জুলাই বুধবার রাতে নগরীর হালিশহর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। পরে তাকে চান্দগাঁও থানায় হস্তান্তর করা হয়েছে। তিনি চট্টগ্রাম মহানগর এনসিপির আহ্বায়ক কমিটির সদস্য।
মামলার এজাহারে অভিযোগ করা হয়েছে, প্রায় তিন মাস আগে ফেসবুকের মাধ্যমে ভুক্তভোগীর সঙ্গে অভিযুক্তের পরিচয় হয়। পরে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। গত ১৪ জুলাই বিয়ের আশ্বাস দিয়ে অভিযুক্ত তাকে বাসা থেকে বের করে চান্দগাঁও থানার বহদ্দারহাট এলাকার একটি আবাসিক হোটেলে নিয়ে যান এবং সেখানে শারীরিক সম্পর্ক স্থাপন করেন। পরবর্তীতে বিয়ের জন্য চাপ দিলে অভিযুক্ত যোগাযোগ বন্ধ করে দেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
এ বিষয়ে চট্টগ্রাম মহানগর এনসিপির ভারপ্রাপ্ত দপ্তর সম্পাদক রিদুয়ান হৃদয় বলেন, ‘বিষয়টি দলীয়ভাবে খতিয়ে দেখা হচ্ছে। এ মামলায় কিছুটা প্রশ্ন থেকে যায়। অভিযোগে ঘটনার তারিখ এবং মামলা দায়েরের সময়সহ বিভিন্ন বিষয় আমরা পর্যালোচনা করছি।’
চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসীম উদ্দিন জানান, গত ১৯ জুলাই এক কলেজছাত্রী আফতাব মজুমদার জয়ের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মামলা করেন। ওই মামলার ভিত্তিতেই র্যাব তাকে গ্রেফতার করে থানায় সোপর্দ করেছে।
তিনি আরও বলেন, মামলার তদন্ত চলমান রয়েছে এবং তদন্ত শেষে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available