• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই কার্তিক ১৪৩৩ সকাল ১১:৩৮:৩০ (22-Oct-2026)
  • - ৩৩° সে:

আওয়ামী লীগকে আর রাজনীতিতে ফিরতে দেবে না জনগণ: স্পিকার

২২ অক্টোবর ২০২৬ সকাল ০৯:১৮:৪০

আওয়ামী লীগকে আর রাজনীতিতে ফিরতে দেবে না জনগণ: স্পিকার
জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীরবিক্রম। ছবি: সংগৃহীত

ডেস্ক রিপোর্ট: আওয়ামী লীগকে দুর্নীতিবাজ ও সন্ত্রাসী দল হিসেবে আখ্যায়িত করে জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীরবিক্রম বলেছেন, বাংলাদেশের জনগণ দলটিকে আর কখনো রাজনীতি করতে দেবে না।

তিনি অভিযোগ করেন, আওয়ামী লীগ রাষ্ট্রক্ষমতায় বসেছিল দেশের সম্পদ লুটপাট করতে। দলটির সাবেক সংসদ সদস্য ও মন্ত্রীদের বিরুদ্ধে দুর্নীতি ও লুটপাটের মাধ্যমে বিদেশে বিপুল সম্পদ গড়ে তোলার অভিযোগ রয়েছে। ফ্যাসিস্ট সরকারের একজন সাবেক প্রতিমন্ত্রীর বিদেশে দুই শতাধিক বাড়ি থাকার তথ্যও পাওয়া গেছে বলে দাবি করেন তিনি।

২১ অক্টোবর বুধবার ভোলার তজুমদ্দিন উপজেলা পরিষদ হলরুমে উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন স্পিকার। ইন্টার-পার্লামেন্টারি ইউনিয়নের এশিয়া-প্যাসিফিক গ্রুপের চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় তাকে এ সংবর্ধনা দেওয়া হয়।

আরও পড়ুন

পদত্যাগের নির্দেশ দিয়ে প্রধানমন্ত্রী সেরা পরামর্শটি দিয়েছিলেন: ইশরাক

অনুষ্ঠানে বাংলাদেশ জামায়াতে ইসলামী তজুমদ্দিন উপজেলা শাখার পক্ষ থেকেও স্পিকারকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়।

বিগত শাসনামলে নিজের নির্বাচনী এলাকায় বিভিন্ন অন্যায়-অপরাধের ঘটনা তুলে ধরে হাফিজ উদ্দিন আহমদ বলেন, ২০০১ সালের নির্বাচনে এ আসনে তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী ছিলেন তোফায়েল আহমেদ। তিনি পরাজিত হওয়ার পর শেখ হাসিনা ঢাকা থেকে একজন সন্ত্রাসীকে এনে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করান বলে অভিযোগ করেন স্পিকার।

তিনি আরও বলেন, ওই ব্যক্তি দুর্নীতির মাধ্যমে লালমোহনে ৫০০ বিঘা জমি ও ঢাকায় একাধিক বাড়ি করেছিলেন। তবে ৫ আগস্টের পর এসব সম্পদ রেখে তিনি সপরিবারে পালিয়ে যান বলে দাবি করেন হাফিজ উদ্দিন আহমদ।

আরও পড়ুন

ছাত্রশক্তির ঢাকা উত্তরে সভাপতি আশিকুজ্জামান, সম্পাদক তানিম

নির্বাচনী এলাকার উন্নয়নের আশ্বাস দিয়ে স্পিকার বলেন, তজুমদ্দিনকে পৌরসভায় রূপান্তর করা হবে। পাশাপাশি স্থানীয় মানুষের বিনোদনের জন্য মেঘনার পাড়ে একটি পার্ক নির্মাণের পরিকল্পনা রয়েছে। এ সময় সন্ত্রাসীদের কোনো ছাড় দেওয়া হবে না বলেও সতর্ক করেন তিনি।

তজুমদ্দিন উপজেলা বিএনপির সভাপতি আলহাজ গোলাম মোস্তফা মিন্টুর সভাপতিত্বে অনুষ্ঠানে সঞ্চালনা করেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ ওমর আসাদ রিন্টু। এতে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতারা বক্তব্য দেন। এ সময় জেলা ও উপজেলা পর্যায়ের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এর আগে স্পিকার উপজেলার সরকারি কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন।

আরও পড়ুন

ইশরাকের পদত্যাগ দলীয় সিদ্ধান্তের বিষয়, অস্ত্র না থাকলে ভালো হতো: জামায়াত আমির

এটিভি/এসআইআর

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ