ডেস্ক রিপোর্ট: জামালপুরে নতুন গ্যাস পাম্প স্থাপন ও দীর্ঘদিনের গ্যাস সংকট নিরসনের দাবিতে জামালপুর-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন সিএনজিচালিত অটোরিকশার চালকরা।
১৩ আগস্ট বৃহস্পতিবার সকাল ৬টা থেকে মহাসড়ক অবরোধ করে তারা বিক্ষোভ শুরু করেন। এতে মহাসড়কের উভয় পাশে যানবাহনের দীর্ঘ সারি সৃষ্টি হয়েছে। ভোগান্তিতে পড়েছেন সাধারণ যাত্রী ও অন্যান্য যানবাহনের চালকরা।
চালকদের সঙ্গে কথা বলে জানা গেছে, জামালপুরে দীর্ঘদিন ধরে মাত্র একটি গ্যাস পাম্প—জাবেদ ফিলিং স্টেশন—থেকে সিএনজিচালিত অটোরিকশায় গ্যাস সরবরাহ করা হচ্ছে। জেলার বিভিন্ন এলাকায় বিআরটিএ নিবন্ধিত সিএনজিচালিত অটোরিকশার সংখ্যা প্রায় ৩ হাজার। এর বাইরে অন্য জেলা থেকে আসা সিএনজিসহ জামালপুরে চলাচলকারী মোট সিএনজির সংখ্যা প্রায় ৫ হাজার।
চালকদের অভিযোগ, বিপুলসংখ্যক সিএনজির বিপরীতে মাত্র একটি গ্যাস পাম্প থাকায় প্রতিদিনই দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে থাকতে হয়। দীর্ঘ অপেক্ষার পরও অনেক সময় পর্যাপ্ত গ্যাস পাওয়া যায় না। কখনো কখনো গ্যাস না থাকায় ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করেও খালি হাতে ফিরতে হয় তাদের।
চালকরা জানান, গ্যাসের সংকটের কারণে নিয়মিতভাবে তাদের আয়-রোজগার ব্যাহত হচ্ছে। একদিকে দীর্ঘ সময় গ্যাসের জন্য অপেক্ষা করতে হচ্ছে, অন্যদিকে গ্যাস না পাওয়ায় গাড়ি চালানো সম্ভব হচ্ছে না। এতে তারা চরম ভোগান্তিতে পড়েছেন।
সিএনজি চালক জয়নাল আবেদীন বলেন, ‘রাত দুইটা থেকে লাইনে দাঁড়িয়ে আছি। হঠাৎ শুনি গ্যাস নেই। এটা শুধু আজকের সমস্যা নয়, মাঝেমধ্যেই এমন হয়। জামালপুরে এত সিএনজি, অথচ গ্যাস পাম্প মাত্র একটি। একদিকে গ্যাসের সংকট, অন্যদিকে একটি পাম্প হওয়ায় আমাদের দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে থাকতে হয়। তাই আমরা বাধ্য হয়ে রাস্তা অবরোধ করেছি। আমরা নতুন গ্যাস পাম্প চাই এবং গ্যাস সংকটের স্থায়ী সমাধান চাই।’
চালকদের দাবি, দ্রুত জামালপুরে আরও গ্যাস পাম্প স্থাপন করতে হবে। পাশাপাশি দীর্ঘদিনের গ্যাস সংকটের স্থায়ী সমাধানে কার্যকর উদ্যোগ নিতে হবে। এসব দাবি পূরণ না হওয়া পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাওয়ার কথা জানিয়েছেন।
জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুস সাকিব বলেন, গ্যাস পাম্প ও গ্যাস সংকটের কারণে সিএনজি চালকরা মহাসড়ক অবরোধ করেছেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের সঙ্গে কথা বলছে। যান চলাচল স্বাভাবিক করতে চালকদের বোঝানোর চেষ্টা করা হচ্ছে।
সূত্র: জাগোনিউজ
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available