ডেস্ক রিপোর্ট: মেহেরপুরের গাংনী উপজেলার সহড়াতলা সীমান্ত দিয়ে ১০ জনকে বাংলাদেশে ঠেলে পাঠানোর (পুশ-ইন) চেষ্টা করেছে ভারতের সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও স্থানীয় গ্রামবাসীর সতর্ক অবস্থানের কারণে তারা বাংলাদেশ ভূখণ্ডে প্রবেশ করতে পারেননি। পরে তাদের আবার ভারতীয় সীমান্তের দিকে ফিরে যেতে হয়।
২৫ জুন বৃহস্পতিবার ভোরে সহড়াতলা সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে দেশ রূপান্তরের প্রতিবেদন থেকে জানা যায়, ভোরের দিকে নারী-পুরুষসহ ১০ জনকে সীমান্তের কাঁটাতারের বেড়া খুলে বাংলাদেশের দিকে ঠেলে দেয় বিএসএফ সদস্যরা। পরে তারা সহড়াতলা গ্রামের ভেতর দিয়ে বিভিন্ন দিকে যাওয়ার চেষ্টা করলে স্থানীয়দের সন্দেহ হয়। এ সময় গ্রামবাসী তাদের পরিচয় জানতে চাইলে তারা সন্তোষজনক কোনো তথ্য দিতে পারেনি। একপর্যায়ে স্থানীয়দের বাধার মুখে তারা সীমান্তের দিকে ফিরে যায়।
ঘটনার পর সীমান্ত এলাকায় সতর্কতা জোরদার করেছে বিজিবি। বাহিনীটির পক্ষ থেকে জানানো হয়েছে, বিষয়টি নিয়ে বিজিবি ও বিএসএফের সংশ্লিষ্ট ক্যাম্প কমান্ডার পর্যায়ে আলোচনা চলছে। একই সঙ্গে ঘটনার প্রকৃত তথ্য যাচাই এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের পরিচয় নিশ্চিত করার চেষ্টা করা হচ্ছে।
এ বিষয়ে ৪৭ বিজিবি ব্যাটালিয়নের অতিরিক্ত পরিচালক নুরুল হুদা বলেন, বাংলাদেশের সীমান্ত দিয়ে কোনো ধরনের অবৈধ অনুপ্রবেশ বা পুশ-ইন মেনে নেওয়া হবে না। সীমান্ত পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available