• ঢাকা
  • |
  • শনিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩৩ সকাল ০৯:৫৩:৫১ (21-Nov-2026)
  • - ৩৩° সে:

আজ সশস্ত্র বাহিনী দিবস, থাকছে যেসব কর্মসূচি

২১ নভেম্বর ২০২৬ সকাল ০৮:২২:৪০

আজ সশস্ত্র বাহিনী দিবস, থাকছে যেসব কর্মসূচি

ডেস্ক রিপোর্ট: যথাযথ মর্যাদা ও উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে আজ ২১ নভেম্বর শনিবার সশস্ত্র বাহিনী দিবস উদযাপিত হচ্ছে। ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে সশস্ত্র বাহিনীর সদস্যদের অবদান ও আত্মত্যাগের স্মরণে প্রতিবছর দিনটি পালন করা হয়।

দিবসটির কর্মসূচি শুরু হয়েছে দেশের সব সেনানিবাস, নৌঘাঁটি ও স্থাপনা এবং বিমানবাহিনী ঘাঁটির মসজিদে ফজরের নামাজের পর বিশেষ মোনাজাতের মধ্য দিয়ে। এতে দেশের কল্যাণ ও সমৃদ্ধি, সশস্ত্র বাহিনীর উন্নতি ও অগ্রগতি এবং মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী শহীদদের রুহের মাগফিরাত কামনা করা হয়।

দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি ও সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং প্রধানমন্ত্রী তারেক রহমান পৃথক বাণী দিয়েছেন।

আরও পড়ুন

খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধানমন্ত্রী

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানায়, ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী সশস্ত্র বাহিনীর সদস্যদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে আজ সকালে ঢাকা সেনানিবাসের শিখা অনির্বাণে পুষ্পস্তবক অর্পণ করবেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী। এরপর সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম এবং বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন নিজ নিজ বাহিনীর পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করবেন।

পরে তিন বাহিনীর প্রধানরা সশস্ত্র বাহিনী বিভাগে প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। এরপর তারা বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গেও সাক্ষাৎ করবেন।

দিবসটি উপলক্ষে প্রধানমন্ত্রী ঢাকা সেনানিবাসের আর্মি মাল্টিপারপাস কমপ্লেক্সে নির্বাচিত খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দেবেন। এ সময় খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধাদের মধ্যে শুভেচ্ছা স্মারক বিতরণ ও তাঁদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন তিনি। অনুষ্ঠানে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী, প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা, তিন বাহিনীর প্রধানসহ সামরিক ও বেসামরিক ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত থাকবেন।

আরও পড়ুন

শিখা অনির্বাণে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন

সেনাকুঞ্জে সংবর্ধনা বিকেল ৪টায়

সশস্ত্র বাহিনী দিবস উদযাপন উপলক্ষে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে আজ বিকেল ৪টায় ঢাকা সেনানিবাসের সেনাকুঞ্জে সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এতে সশস্ত্র বাহিনীর কর্মরত ও অবসরপ্রাপ্ত কর্মকর্তা, বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, সরকারি উচ্চপদস্থ কর্মকর্তা, বিশিষ্ট ব্যক্তি এবং স্থানীয় দূতাবাসের কূটনীতিকরা উপস্থিত থাকবেন।

এ ছাড়া বীরশ্রেষ্ঠ ও সশস্ত্র বাহিনীর খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধাদের উত্তরাধিকারী, জুলাই-আগস্ট গণ-অভ্যুত্থানে শহীদ পরিবারের সদস্য ও আহত ব্যক্তি এবং বিডিআর হত্যাকাণ্ডে শহীদ সেনা সদস্যদের উত্তরাধিকারীদেরও অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছে। অনুষ্ঠানটি বাংলাদেশ টেলিভিশনে সরাসরি সম্প্রচার করা হবে।

আরও পড়ুন

সশস্ত্র বাহিনীর বীরত্ব ও আত্মত্যাগ জাতীয় ইতিহাসের গৌরব: রাষ্ট্রপতি

সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে নৌবাহিনীর জাহাজ

দিবসটি উপলক্ষে ঢাকা, চট্টগ্রাম, খুলনা ও বরিশালে নৌবাহিনীর বিশেষভাবে সজ্জিত নির্ধারিত জাহাজগুলো সর্বসাধারণের পরিদর্শনের জন্য উন্মুক্ত রাখা হবে। আইএসপিআরের বিজ্ঞপ্তি অনুযায়ী, আজ দুপুর ২টা থেকে বিকেল ৪টা ৪৫ মিনিট পর্যন্ত এসব জাহাজ নিকটস্থ ঘাটে নোঙর করা অবস্থায় থাকবে।

দেশের বিভিন্ন সেনানিবাসে আয়োজন

আরও পড়ুন

আওয়ামী সন্ত্রাসীদের বিরুদ্ধে কঠোর অবস্থান নেবে সরকার: হুমায়ুন কবির

ঢাকার পাশাপাশি সাভার, বরিশাল, কক্সবাজার, বগুড়া, সিলেট, ঘাটাইল, ময়মনসিংহ, চট্টগ্রাম, যশোর, খুলনা, রংপুর ও রাজেন্দ্রপুর সেনানিবাস ও ঘাঁটিতে সংশ্লিষ্ট এরিয়া সদর দপ্তরের ব্যবস্থাপনায় বিভিন্ন কর্মসূচি ও সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

এদিকে সশস্ত্র বাহিনী দিবসের তাৎপর্য তুলে ধরে গতকাল শুক্রবার রাত ৮টার বাংলা সংবাদের পর বাংলাদেশ টেলিভিশনে সশস্ত্র বাহিনীর পরিবেশনায় ‘বিশেষ অনির্বাণ’ অনুষ্ঠান সম্প্রচার করা হয়েছে। আজ সন্ধ্যা সাড়ে ৭টায় বাংলাদেশ বেতার সম্প্রচার করবে ‘বিশেষ দুর্বার’ অনুষ্ঠান। ‘বিশেষ অনির্বাণ’ অনুষ্ঠানটি পরবর্তী সময়ে বেসরকারি টেলিভিশন চ্যানেলগুলোতেও পর্যায়ক্রমে সম্প্রচার করা হবে।

দিবসটি উপলক্ষে জাতীয় দৈনিক পত্রিকাগুলোতে বিশেষ ক্রোড়পত্র প্রকাশ করা হয়েছে। পাশাপাশি সশস্ত্র বাহিনী পরিচালিত শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।

আরও পড়ুন

জাল সার্টিফিকেটধারীদের দুর্দিন আসছে: শিক্ষামন্ত্রী

সেনানিবাস এলাকায় যান চলাচলে বিধিনিষেধ

সশস্ত্র বাহিনী দিবসের কর্মসূচি নির্বিঘ্ন রাখতে আজ ঢাকা সেনানিবাসের প্রধান সড়কে যান চলাচল সীমিত রাখা হয়েছে। আইএসপিআরের নির্দেশনা অনুযায়ী, শহীদ জাহাঙ্গীর গেট থেকে স্টাফ রোড পর্যন্ত সড়কে সেনানিবাসে অবস্থানকারী ব্যক্তি ও আমন্ত্রিত অতিথিদের বহনকারী যানবাহন ছাড়া অন্য যানবাহন সকাল ৭টা থেকে বেলা ১১টা এবং দুপুর ১২টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত চলাচল পরিহারের অনুরোধ জানানো হয়েছে।

এটিভি/এসআইআর

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ









টিভিতে আজকের খেলা (২১ নভেম্বর ২০২৬)
টিভিতে আজকের খেলা (২১ নভেম্বর ২০২৬)
২১ নভেম্বর ২০২৬ সকাল ০৮:৪৩:১৯