ডেস্ক রিপোর্ট: প্রধানমন্ত্রী তারেক রহমান নেতৃত্বাধীন সরকারের প্রথম জাতীয় বাজেট আজ ১১ জুন বৃহস্পতিবার জাতীয় সংসদে উপস্থাপন করা হবে। বিকেল ৩টায় অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী ২০২৬-২৭ অর্থবছরের বাজেট প্রস্তাব সংসদে পেশ করবেন।
বাজেটটি অনুমোদিত হলে এটি হবে বাংলাদেশের ৫৫তম জাতীয় বাজেট। একই সঙ্গে বর্তমান সরকারের চলতি মেয়াদের প্রথম এবং অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীরও প্রথম বাজেট হিসেবে ইতিহাসে স্থান পাবে।
প্রায় ১৯ বছর পর বিএনপি নেতৃত্বাধীন সরকারের পূর্ণাঙ্গ জাতীয় বাজেট উপস্থাপিত হতে যাচ্ছে। রাজনৈতিক পটপরিবর্তন, অর্থনৈতিক অস্থিরতা, উচ্চ মূল্যস্ফীতি, দুর্বল রাজস্ব আহরণ এবং বিনিয়োগে স্থবিরতার মতো নানা চ্যালেঞ্জের মধ্যে এ বাজেট আসছে। ফলে নতুন সরকারের জন্য এটি একটি গুরুত্বপূর্ণ অর্থনৈতিক পরীক্ষা হিসেবে দেখছেন বিশ্লেষক ও অর্থনীতিবিদরা।
এর আগে বিএনপি সরকারের সর্বশেষ জাতীয় বাজেট উপস্থাপিত হয়েছিল ২০০৬-০৭ অর্থবছরে। সে সময় অর্থমন্ত্রীর দায়িত্বে ছিলেন প্রয়াত এম সাইফুর রহমান। প্রায় দুই দশক পর আবারও বিএনপি নেতৃত্বাধীন সরকার জাতীয় বাজেট পেশ করতে যাচ্ছে।
বাজেট উপস্থাপনের সময় প্রধানমন্ত্রীসহ সংসদ সদস্যরা জাতীয় সংসদে উপস্থিত থাকবেন। তাদের মধ্যে উল্লেখযোগ্যসংখ্যক সদস্য প্রথমবারের মতো সংসদীয় বাজেট প্রক্রিয়ার অংশ হচ্ছেন।
আকারের দিক থেকে এটি দেশের ইতিহাসের সবচেয়ে বড় বাজেট হতে যাচ্ছে। ২০২৬-২৭ অর্থবছরের জন্য সম্ভাব্য বাজেটের আকার ধরা হয়েছে ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকা। এর মধ্যে রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৬ লাখ ৯৫ হাজার কোটি টাকা। ফলে মোট বাজেট ঘাটতি দাঁড়াতে পারে ২ লাখ ৪৩ হাজার কোটি টাকা।
সরকার আগামী অর্থবছরের জন্য মোট দেশজ উৎপাদন (জিডিপি) প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা প্রায় সাড়ে ৬ শতাংশ এবং মূল্যস্ফীতির লক্ষ্যমাত্রা সাড়ে ৭ শতাংশ নির্ধারণ করতে পারে বলে জানা গেছে।
এদিকে, প্রায় ৩ লাখ কোটি টাকার বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) প্রাথমিকভাবে চূড়ান্ত করা হয়েছে। এডিপিতে সরকারের নিজস্ব অর্থায়ন ধরা হয়েছে ১ লাখ ৯৯ হাজার কোটি টাকা এবং বিদেশি ঋণ ও সহায়তা থেকে অর্থায়নের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ১ লাখ ১০ হাজার কোটি টাকা।
বিনিয়োগে গতি আনা, কর্মসংস্থান বৃদ্ধি এবং আধুনিক ও স্বচ্ছ করব্যবস্থা প্রতিষ্ঠার লক্ষ্য নিয়ে এবারের বাজেটে আয়কর সংক্রান্ত একাধিক গুরুত্বপূর্ণ প্রস্তাব আসতে পারে। মধ্যবিত্ত করদাতাদের স্বস্তি দেওয়া, তরুণদের জন্য নতুন সুযোগ সৃষ্টি এবং নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার নিয়ন্ত্রণে কর কাঠামোয় বড় ধরনের পরিবর্তনের আভাসও রয়েছে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available