ডেস্ক রিপোর্ট: বাংলাদেশের বৈচিত্র্যময় ধর্ম, বর্ণ, ভাষা ও জাতিসত্তার সমন্বয়ে একটি বৈষম্যহীন ও সৌহার্দ্যপূর্ণ সমাজ গঠনে বর্তমান সরকারের অঙ্গীকার ব্যক্ত করেছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী সাচিং প্রু।
২৫ সেপ্টেম্বর বিকেলে কক্সবাজারে ‘রাখাইন বুড্ডিস্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন’-এর ৩৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত সম্মাননা ও সংবর্ধনা অনুষ্ঠান ২০২৬-এ প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী সাচিং প্রু বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের ঘোষিত ‘রেইনবো নেশন’ বা রংধনু জাতির মূল দর্শন হলো—সকল সম্প্রদায়ের মানুষ একে অপরের সাথে মেলবন্ধন ও সহমর্মিতা বজায় রেখে বৈষম্যহীনভাবে একটি সুন্দর বাংলাদেশ গড়ে তুলবে। আন্তঃসম্পর্ক উন্নয়ন, পারস্পরিক ভ্রাতৃত্ববোধ, শ্রদ্ধা ও ন্যায়বিচার প্রতিষ্ঠাই সরকারের মূল কাজ।
পার্বত্য অঞ্চল ও কক্সবাজারের পর্যটন সম্ভাবনার কথা উল্লেখ করে মন্ত্রী সাচিং প্রু বলেন, পর্যটন নগরী কক্সবাজারকে আরো পরিচ্ছন্ন ও দৃষ্টিনন্দন করতে পার্বত্য চট্টগ্রামসহ সমগ্র কক্সবাজারকে মাদকমুক্ত হিসেবে গড়ে তোলার জন্য সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
রাখাইন সম্প্রদায়ের আত্মসামাজিক ভূমিকা প্রসঙ্গে তিনি আশা প্রকাশ করেন, রাখাইন সম্প্রদায় তাদের নিজস্ব পথরেখা তৈরি করে দেশের সার্বিক উন্নয়নে অবদান রাখবে। একইসাথে তাদের কর্ম ও অর্জন জাতির সামনে বিভিন্ন প্ল্যাটফর্মের মাধ্যমে তুলে ধরার আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে রাখাইন সম্প্রদায়ের প্রথিতযশা ডাক্তার, প্রকৌশলী, সিভিল ও পুলিশ ক্যাডারসহ বিভিন্ন ক্ষেত্রে অসামান্য অবদান রাখা জীবিত ও মরণোত্তর ৩৮ জন বিশিষ্ট ব্যক্তিত্বকে সম্মাননা স্মারক প্রদান করেন মন্ত্রী সাচিং প্রু। আলোচনা সভা শেষে তিনি রাখাইন সম্প্রদায়ের শিল্পীদের অংশগ্রহণে পরিবেশিত এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন।
রাখাইন বুড্ডিস্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন (কেন্দ্রীয় কমিটি)-র সভাপতি মি. মং হলা চিং-এর সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কক্সবাজার-৩ আসনের সংসদ সদস্য লুৎফর রহমান কাজল এবং সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শামীম আরা বেগম স্বপ্না।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available